মানসিক চাপ আর সহ্য হয়নি, চিরতরে শোবিজ ছাড়লেন পাকিস্তানি অভিনেত্রী আলিজাহ শাহ

বিনোদন
মানসিক চাপ আর সহ্য হয়নি, চিরতরে শোবিজ ছাড়লেন পাকিস্তানি অভিনেত্রী আলিজাহ শাহ
নিউজ ডেস্ক
২ সেপ্টেম্বর ২০২৫

পাকিস্তানি বিনোদন অঙ্গনের পরিচিত মুখ আলিজাহ শাহ অভিনয় দিয়ে যেমন দর্শকের হৃদয় জিতেছিলেন, ঠিক তেমন করেই হঠাৎ করেই শোবিজ থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে সবাইকে চমকে দিলেন।

সম্প্রতি এক আবেগঘন বার্তায় ইনস্টাগ্রামের মাধ্যমে নিজের সিদ্ধান্ত জানান এই তরুণ তারকা। তিনি বলেন, শোবিজের অভিজ্ঞতা তার জীবনে এতটাই বেদনাদায়ক ছিল যে, তিনি আর কোনোদিন এই অঙ্গনে ফিরতে চান না।

আলিজাহর কথায়,

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

“এই ইন্ডাস্ট্রির কারণে আমি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিস-অর্ডারে ভুগছি। দিনের পর দিন আমাকে এমনভাবে ব্যবহার করা হয়েছে যেন আমি মানুষ না, কোনো বস্তু। আমার আত্মসম্মান চূর্ণ হয়েছে। এখন শুধু নিজেকে রক্ষা করাই আমার লক্ষ্য।”

শুটিং সেটের তিক্ত অভিজ্ঞতা, পারিশ্রমিক আটকে রাখা, হয়রানি এবং শারীরিক-মানসিক অবসাদের কথা উল্লেখ করে তিনি জানান,

“অনেক রাতে দম আটকে কেঁদেছি। এমনও হয়েছে, অতীতের যন্ত্রণা আমাকে ভেতর থেকে এতটাই ভেঙে দিয়েছে যে, বারবার বমি করে শরীর নিঃশেষ করে দিয়েছি।”

তিনি আরও বলেন, এখন শুধুই একা থাকতে চান এবং তার ক্ষতগুলো সারিয়ে তুলতে চান।

এর আগে, ২০২১ সালের এক র‍্যাম্প শোতে হোঁচট খাওয়ার পর মানসিকভাবে বেশ ভেঙে পড়েছিলেন আলিজাহ। চলতি বছরের জুলাই মাসেও তিনি শোবিজের ‘বিষাক্ত পরিবেশ’ নিয়ে মুখ খুলেছিলেন, যেখানে তিনি অপেশাদার আচরণ, হয়রানি এবং সম্মানহানির অভিযোগ তোলেন।

আলিজাহ শাহের এই বিদায় পাকিস্তানি শোবিজ অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। অভিনেত্রীর অভিযোগ শোবিজের পেছনের অন্ধকার দিককে সামনে এনে দিয়েছে। অনেকেই বলছেন, এটি শুধু একজন শিল্পীর ব্যক্তিগত সিদ্ধান্ত নয়—বরং গোটা ইন্ডাস্ট্রির প্রতি একটি সতর্কবার্তা।