সহ-অভিনেতার বিরুদ্ধে মিলি ববি ব্রাউনের অভিযোগে বিতর্ক
জনপ্রিয় নেটফ্লিক্স সিরিজ স্ট্রেঞ্জার থিংস-এর পঞ্চম মৌসুম শুটিং শুরুর আগেই বড় বিতর্কে জড়ালেন সিরিজটির প্রধান অভিনেত্রী মিলি ববি ব্রাউন। সহ-অভিনেতা ডেভিড হারবারের বিরুদ্ধে মানসিক হয়রানির অভিযোগ তুলেছেন এই তরুণ অভিনেত্রী।
ব্রিটিশ দৈনিক ডেইলি মেইল-এর এক প্রতিবেদনে বলা হয়, ব্রাউন নেটফ্লিক্স কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন, যেখানে সহকর্মী হারবারের বিরুদ্ধে একাধিক মানসিক নিপীড়নের ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। অভিযোগ পাওয়ার পর নেটফ্লিক্সের অভ্যন্তরীণ তদন্ত কমিটি বিষয়টি নিয়ে কয়েক মাস ধরে অনুসন্ধান চালায়।
সিরিজে ডেভিড হারবার অভিনয় করছেন পুলিশ প্রধান জিম হপার চরিত্রে, যিনি ইলেভেনের পর্দার ‘পিতা’। তবে তদন্তের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি। প্রতিবেদনে আরও বলা হয়, শেষ মৌসুমের শুটিংয়ে মিলি ববি ব্রাউন নিজের ব্যক্তিগত প্রতিনিধি উপস্থিত রেখে কাজ করেছেন।
তবে অভিযোগে যৌন হয়রানির কোনো ইঙ্গিত নেই। এখন পর্যন্ত ব্রাউন বা হারবার—দু’জনের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
উল্লেখ্য, ২০২১ সালে এক পডকাস্টে হারবার বলেছিলেন, “মিলি আমার কাছে খুবই বিশেষ। ওকে আমি ছোটবেলা থেকেই চিনি, আমার মধ্যে ওর প্রতি পিতৃসুলভ স্নেহ কাজ করে।”
এদিকে, এই বিতর্কের মাঝেই স্ট্রেঞ্জার থিংস-এর পঞ্চম ও শেষ মৌসুম নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। সম্প্রতি প্রকাশিত ট্রেলারে দেখা গেছে, নতুন বিপদের মুখে আবারও হকিন্স শহর—আর ইলেভেনকে দেখা যায় ভিলেন ভেকনার বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতিতে।


