৩ দিনে ১০ কোটির ঘরে দুলকার সালমানের ‘কান্তা’

বিনোদন
৩ দিনে ১০ কোটির ঘরে দুলকার সালমানের ‘কান্তা’
নিউজ ডেস্ক
১৬ নভেম্বর ২০২৫

আইনি জটিলতা ও বিতর্কের আভাস ছাপিয়ে চলতি সপ্তাহে ১৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তামিলের আলোচিত কালখণ্ডভিত্তিক থ্রিলার ‘কান্তা’। সেলভমানি সেলভারাজ পরিচালিত ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দুলকর সালমান। সঙ্গে রয়েছেন সামুত্তিরাকানি, ভাগ্যশ্রী বরসে ও রানা দাগ্গুবতি।

তবে মুক্তির পর বক্স অফিসে ছবিটির সূচনা খুব লক্ষণীয় হয়নি। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, তিন দিনে ছবির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১০ কোটি রুপি।

প্রথম দিন আয়: প্রায় ৪.৩৫ কোটি রুপি—এর মধ্যে তামিলে ২.৬৫ কোটি এবং তেলুগুতে ১.৭০ কোটি রুপি। দ্বিতীয় দিন আয় বেড়ে হয় প্রায় ৪.৮৫ কোটি রুপি—তামিলে ৩.২৫ কোটি ও তেলুগুতে ১.৬০ কোটি রুপি। তৃতীয় দিন দুপুর পর্যন্ত সংগ্রহ: ৯৭ লাখ রুপি, মোট তিন দিনে আয় প্রায় ১০.১৭ কোটি রুপি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বক্স অফিসে আয় বাড়লেও থিয়েটারে দর্শক উপস্থিতি আশানুরূপ ছিল না। মুক্তির তৃতীয় দিনে তামিল ভাষার দ্বিমাত্রিক সংস্করণের সকালে উপস্থিতি ছিল মাত্র ১৬.৯১%। দুপুর, সন্ধ্যা ও রাতের কিছু শো-তে দর্শক একেবারেই পাওয়া যায়নি।

শনিবার কিছুটা উন্নতি দেখা গেলেও রবিবার কম উপস্থিতি অনেককে হতাশ করেছে, যা প্রথম সপ্তাহান্তে ছবির দুর্বল অবস্থানই ইঙ্গিত করে।

মুক্তির আগে থেকেই ‘কান্তা’কে ঘিরে বিতর্ক তুঙ্গে ছিল। একদল অভিযোগ তোলে যে, ছবির গল্প কিংবদন্তি তামিল অভিনেতা ও সংগীতশিল্পী এম. কে. ত্যাগরাজা ভাগবতার জীবনের সঙ্গে নাকি মিল রয়েছে। তবে নির্মাতা ও অভিনেতারা বারবার জানিয়েছেন—এটি সম্পূর্ণ কাল্পনিক গল্প, কারও জীবনের ওপর ভিত্তি করে নয়।

১৯৫০-এর দশকের মাদ্রাজকে পটভূমি করে নির্মিত ছবিতে দুলকর সালমানকে দেখা যায় উঠতি নায়ক টি. কে. মহাদেবন চরিত্রে। তার পরামর্শদাতা আয়্যা, প্রেমিকা কুমারী এবং রহস্যময় অপরাধ–অনুসন্ধানে নিয়োজিত পুলিশ কর্মকর্তা দেবরাজ, যাকে ‘ফিনিক্স’ নামে ডাকা হয়—এই কয়েকটি চরিত্রের বর্ণময় টানাপোড়েনেই এগিয়েছে কাহিনি।

ছবিটি প্রযোজনা করেছে দুলকর সালমানের ওয়েফেয়ারার ফিল্মস ও রানা দাগ্গুবতির স্পিরিট মিডিয়া।