বক্স অফিসে দাপট দেখাচ্ছে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’
দীর্ঘদিনের অপেক্ষা ও নানা আইনি জটিলতা শেষে অবশেষে মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির প্রথম দিন থেকেই ছবি ঘিরে দেখা গেছে দর্শকের উন্মাদনা। বক্স অফিসেও তার সরাসরি প্রভাব পড়েছে।
শুক্রবার (৫ ডিসেম্বর) মুক্তির দিনেই সিনেমাটি আয় করে ২৪.৫ কোটি রুপি। শনিবার সংগ্রহ আরও বেড়ে দাঁড়ায় ২৮ কোটি রুপিতে। দুদিন মিলিয়ে মোট আয় ইতোমধ্যে ৫২.৫ কোটি রুপি ছুঁয়েছে।
চলচ্চিত্র বিশ্লেষকদের ধারণা, রবিবার (৭ ডিসেম্বর) বক্স অফিসে আরও শক্তিশালী ব্যবসা করবে ‘ধুরন্ধর’। তাদের মতে, প্রথম তিন দিনের শেষে ছবিটির আয় ৮৫ কোটির কাছাকাছি পৌঁছে যেতে পারে।
মুক্তির আগে টিজার ও ট্রেলার থেকেই আলোচনার কেন্দ্রবিন্দু ছিল এই ছবি। অগ্রিম বুকিংয়েও ছিল দর্শকের ব্যাপক সাড়া। ভারতজুড়ে ৫ হাজার স্ক্রিনে মুক্তি পাওয়ার পর প্রথম শো থেকেই দারুণ প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে।
দর্শক–সমালোচকদের মতে, ‘পদ্মাবত’-এর পর ‘ধুরন্ধর’-এ রণবীর সিং নিজের অভিনয়ের নতুন উচ্চতা দেখিয়েছেন। পাশাপাশি রহমান ডাকাইতের ভূমিকায় অক্ষয় খান্না, আইএসআই মেজরের চরিত্রে অর্জুন রামপাল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা–প্রাণিত চরিত্রে আর মাধবনও প্রশংসা কুড়াচ্ছেন। ছবিতে সঞ্জয় দত্তের উপস্থিতিও বড় আকর্ষণ হিসেবে কাজ করেছে।
সিনেমা বিশেষজ্ঞরা বলছেন, তারকাবহুল কাস্টিং, অ্যাকশন–ড্রামা ঘরানার শক্তিশালী গল্প, প্রভাবশালী ট্রেলার–টিজার এবং দর্শকের ইতিবাচক অভিজ্ঞতা—সব মিলিয়ে ‘ধুরন্ধর’ দ্রুতই ব্লকবাস্টারের তালিকায় নাম লেখাতে পারে।


