চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় আরেক আসামি গ্রেফতার

অপরাধ
চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় আরেক আসামি গ্রেফতার
নিউজ ডেস্ক
১১ জানুয়ারি ২০২৬

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের মামলায় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গণেশ (১৯) কে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

গ্রেফতারকৃত গণেশ কোতোয়ালী থানার সেবক কলোনির বাসিন্দা। তিনি শরিফ দাশের ছেলে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ সূত্রে জানা যায়, শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের কোতোয়ালী থানাধীন লালদীঘি এলাকার জেলা পরিষদ সুপার মার্কেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে তাকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

উল্লেখ্য, ২০২৪ সালের ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সময় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। পরদিন নিহতের বাবা জামাল উদ্দিন কোতোয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন।

প্রাথমিকভাবে মামলায় ৩১ জনের নাম উল্লেখ করা হলেও তদন্ত শেষে ২০২৫ সালের ১ জুন তদন্ত কর্মকর্তা ও তৎকালীন কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এতে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ মোট ৩৮ জনকে আসামি করা হয়। পরবর্তীতে আদালত আরও একজনকে যুক্ত করে মোট ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রাথমিক এজাহারে থাকা তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়ায় অব্যাহতির আবেদন করা হয়েছে। একই সঙ্গে তদন্তে নতুন করে আরও কয়েকজনের জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গণেশের অবস্থান শনাক্ত করে অভিযান চালানো হয় এবং সফলভাবে তাকে গ্রেফতার করা সম্ভব হয়।