পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩১

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ: নিহত বেড়ে ৩১
নিউজ ডেস্ক
৬ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি শিয়া মসজিদে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মুসল্লি।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজ চলাকালে দক্ষিণ-পূর্ব ইসলামাবাদের তারলাই কালান এলাকার খাদিজা তুল কুবরা মসজিদে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় মসজিদে বিপুলসংখ্যক মুসল্লি উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে এটিকে আত্মঘাতী হামলা বলে ধারণা করা হচ্ছে। তবে বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তিনি বলেন, নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে কাজ করছে এবং হামলার ধরন ও পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

নিরাপত্তা সূত্রের তথ্য অনুযায়ী, মসজিদের গেটে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীরা এক ব্যক্তিকে থামানোর চেষ্টা করলে সে নিজেকে বিস্ফোরণ ঘটায়।

ইসলামাবাদ প্রশাসনের এক বিবৃতিতে জানানো হয়, উদ্ধার তৎপরতা শেষে মোট ১৬৯ জন আহতকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মসজিদের ভেতরে রক্তাক্ত মরদেহ, ভাঙা কাচ ও ধ্বংসস্তূপ পড়ে থাকতে দেখা যায়, যা হামলার ভয়াবহতা তুলে ধরেছে।

ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ গভীর শোক প্রকাশ করেছেন এবং হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেন।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ইসলামাবাদ জেলা জুডিশিয়াল কমপ্লেক্সের প্রবেশপথে এক আত্মঘাতী হামলায় অন্তত ১২ জন নিহত হয়। এর আগে ২০০৮ সালের সেপ্টেম্বরে রাজধানীর ম্যারিয়ট হোটেলে আত্মঘাতী হামলায় ৬৩ জন প্রাণ হারান এবং আহত হন দুই শতাধিক মানুষ।