চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবে গেছে পণ্যবাহী জাহাজ

চট্টগ্রাম বন্দরে আসার পথে থাইল্যান্ড উপকূলে ডুবে গেছে পণ্যবাহী জাহাজ
নিউজ ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৬

মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রাপথে থাইল্যান্ডের ফুকেট উপকূলের কাছে গভীর সমুদ্রে একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। পানামার পতাকাবাহী জাহাজটি শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে দুর্ঘটনার কবলে পড়ে।

ডুবে যাওয়া জাহাজটির নাম এমভি সিলয়েড আর্ক। প্রায় ১১৫ মিটার দীর্ঘ এই জাহাজে বাংলাদেশি আমদানিকারকদের জন্য পাঠানো মোট ২৯৭টি কনটেইনার পণ্য বহন করা হচ্ছিল। জাহাজটি গত ৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কেলাং বন্দর থেকে চট্টগ্রামের উদ্দেশে রওনা দিয়েছিল। যাত্রা শুরুর মাত্র দুই দিনের মধ্যেই এটি দুর্ঘটনায় পড়ে।

বাংলাদেশে জাহাজটির স্থানীয় এজেন্ট আলভি লাইন্স বাংলাদেশের ব্যবস্থাপক মো. মুকুল হোসেন জানান, ফুকেট উপকূল থেকে আনুমানিক চার নটিক্যাল মাইল দূরে সমুদ্রে জাহাজটি হঠাৎ কাত হয়ে যায়। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটলে একপর্যায়ে জাহাজের ক্যাপ্টেন জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করেন এবং পরে সেটি সম্পূর্ণভাবে ডুবে যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই নিকটবর্তী একটি মাছ ধরার নৌকা ও থাই নৌবাহিনীর উদ্ধারকারী দল যৌথভাবে উদ্ধার অভিযান চালায়। এতে জাহাজে থাকা ১৬ জন নাবিককে জীবিত ও নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধার হওয়া নাবিকদের বর্তমানে ফুকেটের একটি হোটেলে রাখা হয়েছে বলে জানানো হয়েছে।

জাহাজডুবির ঘটনায় কনটেইনারে থাকা পণ্যের ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ শুরু করেছে।