আরও ১১৪টি রাফাল কিনছে ভারত, বাজেট ৩.২৫ লক্ষ কোটি রুপি

আরও ১১৪টি রাফাল কিনছে ভারত, বাজেট ৩.২৫ লক্ষ কোটি রুপি
নিউজ ডেস্ক
৯ ফেব্রুয়ারি ২০২৬

ফ্রান্সের কাছ থেকে আরও ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে ভারত। এ প্রকল্পের জন্য প্রাথমিকভাবে ৩ দশমিক ২৫ লক্ষ কোটি রুপির বাজেট নির্ধারণ করা হয়েছে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

আগামী ১৮–২০ ফেব্রুয়ারি ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে দেশটিতে আসছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তার সফরের আগেই রাফাল ক্রয়সংক্রান্ত সব দাপ্তরিক প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্য নিয়েছে ভারত সরকার।

এ বিষয়ে আগামী সপ্তাহে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি)। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রতিরক্ষা সূত্র জানায়, কেনা ১১৪টি রাফালের মধ্যে ১৮টি বিমান ফ্রান্সে তৈরি অবস্থায় সরাসরি ভারতের হাতে তুলে দেওয়া হবে। বাকি ৯৬টি বিমান ভারতে যৌথ উদ্যোগে নির্মাণ করা হবে, যেখানে ভারতীয় প্রযুক্তি ও উপকরণের ব্যবহার থাকবে।

এই বহরে ৮৮টি এক আসনবিশিষ্ট এবং ২৬টি দুই আসনবিশিষ্ট যুদ্ধবিমান থাকবে। দুই আসনের বিমানগুলো মূলত প্রশিক্ষণ ও বিশেষ অপারেশনের কাজে ব্যবহৃত হবে।

রাফাল যুদ্ধবিমানকে বিশ্বের অন্যতম আধুনিক মাল্টিরোল ফাইটার জেট হিসেবে বিবেচনা করা হয়। এটি ঘণ্টায় প্রায় ৩ হাজার ৭০০ কিলোমিটার গতিতে উড়তে সক্ষম এবং সর্বোচ্চ ৫০ হাজার ফুট উচ্চতায় অভিযান চালাতে পারে। একই সঙ্গে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও ভারী অস্ত্র বহনে সক্ষম এই বিমান।

উল্লেখ্য, ২০২০ সালের জুলাই থেকে এখন পর্যন্ত ভারতীয় বিমানবাহিনী ফ্রান্স থেকে মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান পেয়েছে। এর মধ্যে ৮টি ছিল দুই আসনবিশিষ্ট প্রশিক্ষণ বিমান।

এই বিমানগুলোর কার্যকারিতা ও অপারেশনাল সক্ষমতায় সন্তুষ্ট হয়ে ২০২৫ সালে প্রধানমন্ত্রী নেতৃত্বাধীন নিরাপত্তা বিষয়ক মন্ত্রিগোষ্ঠী (সিসিএস) নতুন করে রাফাল কেনা ও দেশে উৎপাদনের অনুমোদন দেয়। এরই ধারাবাহিকতায় ভারতীয় বিমানবাহিনীর জন্য ১১৪টি রাফাল সংগ্রহের পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে নয়াদিল্লি।

সূত্র : টাইমস অব ইন্ডিয়া