এসএসসি ২০২৬: নকল ও অনিয়ম ঠেকাতে যেসব কঠোর নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

শিক্ষা
এসএসসি ২০২৬: নকল ও অনিয়ম ঠেকাতে যেসব কঠোর নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী
নিউজ ডেস্ক
৩ মার্চ ২০২৬

এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু, স্বচ্ছ ও সময়োপযোগীভাবে আয়োজনের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সভায় মন্ত্রী এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬-এর সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো পুনরায় তদন্ত করে হালনাগাদ তালিকা প্রণয়নের নির্দেশ দেন। তিনি বলেন, পরীক্ষায় যে কোনো ধরনের অনিয়ম ও নকল প্রতিরোধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। ডিজিটাল ডিভাইসের মাধ্যমে নকল ঠেকাতে প্রয়োজনীয় আইন প্রণয়নের কথাও জানান তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মন্ত্রী নির্দেশনা দেন, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথভাবে বডি সার্চ নিশ্চিত করতে হবে এবং শিক্ষকদের সক্রিয় ভূমিকার মাধ্যমে নকল প্রতিরোধ জোরদার করতে হবে। পরীক্ষা চলাকালে সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন বা সংশ্লিষ্ট কনটেন্ট আপলোড হলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

তিনি বলেন, “মেধাভিত্তিক জাতি গঠনের জন্য পরীক্ষার সিস্টেম পরিবর্তন করতে হবে। অটোপাশের আর কোনো সুযোগ দেওয়া হবে না।” প্র্যাকটিক্যাল পরীক্ষায় গড় নম্বর দেওয়ার প্রচলিত পদ্ধতি থেকে বেরিয়ে এসে প্রকৃত মূল্যায়নের ওপর জোর দেন মন্ত্রী। এমনকি পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও নকল পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দায়ী করা হবে বলেও জানান তিনি।

নকল প্রতিরোধে দেশব্যাপী বিভিন্ন জেলায় মোটিভেশনাল সভা আয়োজনের কথাও উল্লেখ করেন মন্ত্রী। পাশাপাশি যেসব জেলায় জিলা স্কুল নেই, সেখানে জিলা স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও তুলে ধরেন। এসব স্কুল প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমন্বিত উচ্চমাধ্যমিক স্কুলের আদলে গড়ে তোলা হবে বলে জানান তিনি।

সভায় এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।