যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সংঘাতের আশঙ্কা ইরানের
যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও সংঘাত শুরু হতে পারে বলে সতর্ক করেছেন ইরানের জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা মোহাম্মদ জাফার আসাদি। বার্তাসংস্থা ফার্স নিউজ-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ আশঙ্কার কথা জানান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র কোনো চুক্তি বা প্রতিশ্রুতি রক্ষা করে না—এমন প্রমাণ রয়েছে ইরানের কাছে। তাই দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা বা সংঘাত সৃষ্টি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি ইরান একটি সংশোধিত চুক্তি প্রস্তাব পাঠালেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন এবং ইরানের সমালোচনা করেন। এরপরই ইরানের পক্ষ থেকে কঠোর অবস্থানের ইঙ্গিত আসে।
এদিকে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ আরও জোরদারের ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম প্রেস টিভি জানিয়েছে, প্রায় ২ হাজার কিলোমিটার উপকূলজুড়ে নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়াতে শিগগিরই সামরিক পদক্ষেপ নেওয়া হবে।
আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে, এই উদ্যোগের লক্ষ্য হলো পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিকে দেশের নিরাপত্তা ও শক্তির প্রতীক হিসেবে গড়ে তোলা, পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করা।
উল্লেখ্য, আরব সাগর ও পারস্য উপসাগরের সংযোগস্থল হরমুজ প্রণালি বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জলপথ। বৈশ্বিক জ্বালানির একটি বড় অংশ এই পথ দিয়ে পরিবাহিত হয়, ফলে এখানে উত্তেজনা বৃদ্ধি পেলে আন্তর্জাতিক বাজারেও প্রভাব পড়ার আশঙ্কা থাকে।
সূত্র: এএফপি


