ইরানের ইউরেনিয়াম অপসারণের আগ পর্যন্ত যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু

ইরানের ইউরেনিয়াম অপসারণের আগ পর্যন্ত যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু
নিউজ ডেস্ক
১১ মে ২০২৬

ইরানের ইউরেনিয়াম কর্মসূচিকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ না হওয়া পর্যন্ত যুদ্ধের সমাপ্তি হবে না।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “আমরা ইতোমধ্যে অনেক কিছু অর্জন করেছি। বর্তমানে যুদ্ধবিরতি চলছে, কিন্তু যুদ্ধ শেষ হয়নি। যতদিন ইরানের ইউরেনিয়াম অপসারণ না হবে, ততদিন সংঘাত চলবে।”

ইরানের পারমাণবিক কর্মসূচি মোকাবিলায় বলপ্রয়োগের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি কোনো মন্তব্য করেননি। নেতানিয়াহু বলেন, “সামরিক পরিকল্পনা বা সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আমি প্রকাশ্যে কথা বলতে চাই না।”

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর তথ্য অনুযায়ী, ইরানের কাছে প্রায় ৪০০ কেজি ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই ইউরেনিয়াম ৯০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করা সম্ভব হলে তা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি করা যেতে পারে।

এই তথ্য প্রকাশের পর গত বছর জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ১২ দিনের ওই অভিযানে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষয়ক্ষতি হলেও ইউরেনিয়ামের মজুত উদ্ধার করা যায়নি।

পরবর্তীতে চলতি বছরের ফেব্রুয়ারিতে সুইজারল্যান্ডের জেনেভায় ইরানের পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দফায় দফায় আলোচনা অনুষ্ঠিত হয়। তবে কোনো সমঝোতা ছাড়াই আলোচনা শেষ হয়।

সংলাপ ব্যর্থ হওয়ার পর ২৮ ফেব্রুয়ারি ফের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রায় ৪০ দিনের সংঘাতের পর যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও স্থায়ী শান্তিচুক্তির লক্ষ্যে পরবর্তী বৈঠকও ফলপ্রসূ হয়নি।

সাক্ষাৎকারে নেতানিয়াহু আরও দাবি করেন, “ইরান এখনও গোপন স্থাপনাগুলোতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাচ্ছে। তাদের সক্ষমতা কমেছে, কিন্তু পুরোপুরি শেষ হয়নি।”

ইরানের ইউরেনিয়াম কীভাবে অপসারণ করা হতে পারে— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কূটনৈতিক সমঝোতার মাধ্যমে তা সম্ভব হতে পারে। তবে সামরিক কৌশল নিয়ে বিস্তারিত মন্তব্য করতে অস্বীকৃতি জানান তিনি।

সূত্র: এএফপি