মুখ্যমন্ত্রী বিজয়ের নির্দেশে বন্ধ হচ্ছে ৭১৭ সরকারি মদের দোকান

মুখ্যমন্ত্রী বিজয়ের নির্দেশে বন্ধ হচ্ছে ৭১৭ সরকারি মদের দোকান
নিউজ ডেস্ক
১২ মে ২০২৬

ভারতের তামিলনাড়ু-এর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম বড় প্রশাসনিক পদক্ষেপ হিসেবে ৭১৭টি সরকারি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন জোসেফ বিজয়।

মঙ্গলবার জারি করা সরকারি আদেশে বলা হয়েছে, ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাসস্ট্যান্ডের ৫০০ মিটার ব্যাসার্ধের মধ্যে থাকা দোকানগুলো দুই সপ্তাহের মধ্যে সরিয়ে নিতে হবে অথবা বন্ধ করতে হবে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সিদ্ধান্তের আওতায় পড়েছে তামিলনাড়ু স্টেট মার্কেটিং করপোরেশন (তাসম্যাক) পরিচালিত মদের দোকানগুলো।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

সরকারি তথ্য অনুযায়ী, বর্তমানে রাজ্যজুড়ে মোট ৪ হাজার ৭৬৫টি সরকারি মদের দোকান রয়েছে। বন্ধের তালিকায় থাকা দোকানগুলোর মধ্যে ২৭৬টি ধর্মীয় প্রতিষ্ঠানের কাছে, ১৮৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে, ২৫৫টি বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত।

দায়িত্ব নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নেওয়া এ সিদ্ধান্তকে সামাজিক সংস্কার ও জনস্বার্থে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে তুলে ধরছে নতুন সরকার। তবে রাজ্যের অন্যতম প্রধান রাজস্ব উৎস হওয়ায় এই সিদ্ধান্তে সরকারের আয়ের ওপর কী প্রভাব পড়বে, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে।

৫১ বছর বয়সী জোসেফ বিজয় রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। তার দল টিভিকে একক বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হওয়ার পর কংগ্রেস, বাম দল, ভিসিকে ও মুসলিম লিগের সমর্থনে প্রথমবারের মতো জোট সরকার গঠন করে।

বর্তমানে বিধানসভায় বিজয়ের দলের ১০৭টি আসন রয়েছে। শরিকদের ১৩ বিধায়কের সমর্থন নিয়ে তিনি শিগগিরই আস্থা ভোটের মুখোমুখি হবেন।

এদিকে মদের দোকান বন্ধের পাশাপাশি নতুন সরকার আরও কয়েকটি জনকল্যাণমূলক উদ্যোগ অনুমোদন করেছে। এর মধ্যে রয়েছে আবাসিক গ্রাহকদের জন্য ২০০ ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুৎ সুবিধা, নারী নিরাপত্তায় বিশেষ বাহিনী গঠন এবং প্রতিটি জেলায় মাদকবিরোধী ইউনিট প্রতিষ্ঠা।