‘হানিমুন’ করতে প্রতিবছর কানাডায় যায় প্রায় দেড় লাখ সাপ

‘হানিমুন’ করতে প্রতিবছর কানাডায় যায় প্রায় দেড় লাখ সাপ
নিউজ ডেস্ক
১৪ মে ২০২৬

রাস্তার পাশে একটি সাপ দেখলেও যেখানে মানুষ আতঙ্কে দূরে সরে যান, সেখানে হাজার হাজার সাপ একসঙ্গে ঘুরে বেড়ানোর দৃশ্য কল্পনাই অনেকের জন্য ভয়ংকর। তবে এমনই এক বিস্ময়কর প্রাকৃতিক ঘটনার সাক্ষী হতে প্রতিবছর ভিড় করেন অসংখ্য পর্যটক ও গবেষক।

নারসিস এখন বিশ্বজুড়ে পরিচিত ‘সাপের হানিমুন স্পট’ হিসেবে। প্রতি বসন্তে এখানে জড়ো হয় প্রায় ৭৫ হাজার থেকে দেড় লাখ পর্যন্ত লাল ডোরাকাটা ইস্টার্ন গার্টার সাপ।

গবেষকদের মতে, শীত শেষে মার্চ থেকে জুনের মধ্যে এই সাপগুলো ভূগর্ভস্থ চুনাপাথরের গুহা থেকে বেরিয়ে আসে। প্রথমে পুরুষ সাপ বের হয়ে স্ত্রী সাপের অপেক্ষা করে। পরে স্ত্রী সাপ বের হলে তাকে ঘিরে শত শত পুরুষ সাপ মিলনের চেষ্টা চালায়। এই বিরল আচরণকে বিজ্ঞানীরা বলেন ‘মেটিং বল’।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দূর থেকে দৃশ্যটি দেখতে বিশাল নড়াচড়া করা সাপের গোলকের মতো মনে হয়। পৃথিবীর খুব কম জায়গাতেই এমন ঘটনা দেখা যায় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রতিবছর এই দৃশ্য দেখতে বিশ্বের বিভিন্ন দেশের গবেষক, জীববিজ্ঞানী ও প্রকৃতিপ্রেমীরা নারসিসে ভিড় করেন। তবে অতীতে মহাসড়কে যানবাহনের চাপায় বহু সাপ মারা যাওয়ার ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছিল। পরে সাপগুলোর নিরাপদ চলাচলের জন্য সড়কের নিচে বিশেষ টানেল ও সুরক্ষা বেড়া নির্মাণ করা হয়।

সূত্র: নিউজ এইটিন