অনলাইন সংবাদ পোর্টালের জন্য নতুন নীতিমালা আনছে সরকার
অনলাইন সংবাদ পোর্টালের নিবন্ধন ও পরিচালনা কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকর করতে নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী জানিয়েছেন, এ লক্ষ্যে মন্ত্রণালয় ইতোমধ্যে প্রয়োজনীয় কাজ শুরু করেছে।
রোববার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, দ্রুত সম্প্রসারিত অনলাইন গণমাধ্যম খাতকে আরও জবাবদিহিমূলক ও শৃঙ্খলাবদ্ধ করতে একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এর মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া ও পরিচালনা কাঠামো আরও সুসংহত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় তিনি জানান, জেলা পর্যায়ে দুর্বল প্রকাশনা রেকর্ড থাকা কিছু সংবাদপত্রকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের (ডিএফপি) তালিকাভুক্তির বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে। সংশ্লিষ্ট পত্রিকাগুলো যথাযথ নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করে তালিকাভুক্ত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ইয়াসের খান চৌধুরী বলেন, কোনো ধরনের অনিয়ম বা বিধিবহির্ভূত কার্যক্রমের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, বর্তমানে ঢাকা থেকে ৫৮৫টি দৈনিক, ৩৬৩টি সাপ্তাহিক এবং ২৯৬টি মাসিক পত্রিকা প্রকাশিত হচ্ছে। এর মধ্যে মিডিয়া তালিকাভুক্ত রয়েছে ২৮৮টি দৈনিক, ৫৬টি সাপ্তাহিক এবং ২৩টি মাসিক পত্রিকা।
তিনি বলেন, গণমাধ্যম খাতের স্বচ্ছতা, জবাবদিহি ও পেশাদারিত্ব নিশ্চিত করতে সরকার বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে।


