মুন্সিগঞ্জে চালু হলো দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার
আধুনিকায়নের নতুন ধাপে প্রবেশ করেছে দেশের কারা প্রশাসন। মুন্সিগঞ্জ জেলা কারাগারে চালু হয়েছে দেশের প্রথম সম্পূর্ণ ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’। প্রযুক্তিনির্ভর এই উদ্যোগে বন্দিদের আর্থিক লেনদেন, নিরাপত্তা এবং অবস্থান শনাক্তকরণ ব্যবস্থায় এসেছে বড় ধরনের পরিবর্তন।
রোববার (২১ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ এনায়েত উল্ল্যাহ। তিনি জানান, নতুন ব্যবস্থার মাধ্যমে কারাগারের ভেতরে সব ধরনের আর্থিক লেনদেন এখন সম্পূর্ণ ডিজিটাল ও নগদবিহীন পদ্ধতিতে সম্পন্ন হচ্ছে।
কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ব্যবস্থাটিতে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে বন্দিদের অবস্থান নির্ভুলভাবে শনাক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে ওয়ার্ডভিত্তিক বন্দি গণনা, নজরদারি এবং সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাও আরও শক্তিশালী হবে বলে জানানো হয়েছে।
নতুন পদ্ধতিতে বন্দিদের স্বজনরা কারাগারে এসে অর্থ জমা দিলে তা সরাসরি বন্দির ভার্চুয়াল অ্যাকাউন্টে যোগ হবে। এরপর বন্দিরা নির্ধারিত আরএফআইডি কার্ড ব্যবহার করে কারা ক্যান্টিন থেকে প্রয়োজনীয় পণ্য ও খাদ্যসামগ্রী কিনতে পারবেন। ফলে কারাগারের ভেতরে নগদ টাকার ব্যবহার সম্পূর্ণভাবে বন্ধ করা হয়েছে।
কারা প্রশাসন জানায়, জমাকৃত অর্থ সংশ্লিষ্ট কর্মকর্তা গ্রহণ করে হিসাবভুক্ত করার পর বন্দির ডিজিটাল অ্যাকাউন্টে যুক্ত করা হবে এবং পুরো অর্থ ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সংরক্ষণ করা হবে। মুক্তির সময় অ্যাকাউন্টে অবশিষ্ট অর্থ মোবাইল ব্যাংকিং বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ফেরত দেওয়া হবে।
কারা কর্তৃপক্ষের দাবি, এই উদ্যোগের ফলে স্বচ্ছতা বৃদ্ধি, দুর্নীতি ও অনিয়ম হ্রাস এবং অর্থের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। কারা মহাপরিদর্শকের পরিকল্পনায় এবং সংশ্লিষ্ট প্রযুক্তি প্রতিষ্ঠানের সহযোগিতায় এই আধুনিক ব্যবস্থা চালু করা হয়েছে।
মুন্সিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার বলেন, এই উদ্যোগ কারাগার ব্যবস্থাকে আরও মানবিক ও প্রযুক্তিনির্ভর করবে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কারাগারেও একই মডেল চালুর পরিকল্পনা রয়েছে বলে তিনি জানান।


