দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর

শিক্ষা
দুঃখ প্রকাশ শিক্ষামন্ত্রীর
১৪ জুলাই ২০২৬

উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষা পুনরায় নেওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে সম্প্রতি দেওয়া একটি বক্তব্য নিয়ে সমালোচনার মুখে তিনি দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার জাতীয় সংসদে একটি বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সংশ্লিষ্ট তিন বিষয়ের পরীক্ষা পুনরায় আয়োজনের বিষয়টি সরকার ইতোমধ্যে পর্যালোচনা করছে।

এর আগে প্রশ্নোত্তর পর্বে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শফিকুল ইসলাম এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের উদ্বেগ ও দাবি সংসদে তুলে ধরেন। পরে বিলের ওপর আলোচনার সময়ও তিনি বিষয়টি পুনরায় উত্থাপন করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে দ্রুত সমাধানের আহ্বান জানান।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা পরীক্ষার দিন দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হয়েছিল। এতে অনেক পরীক্ষার্থী ভিজে পরীক্ষাকেন্দ্রে পৌঁছান এবং স্বাভাবিক পরিবেশে পরীক্ষা দিতে পারেননি বলে অভিযোগ পাওয়া গেছে।

তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন সব জেলার স্থগিত হওয়া পরীক্ষাগুলো পুনরায় নেওয়া হবে। সেই সময় পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যার পরীক্ষাও আবার আয়োজনের সুযোগ তৈরি হতে পারে।

এ সময় নিজের একটি বক্তব্য নিয়ে সৃষ্ট বিতর্কের প্রসঙ্গ টেনে শিক্ষামন্ত্রী বলেন, কাউকে উদ্দেশ্য করে আঘাত করার মতো কোনো মন্তব্য তিনি করেননি। তারপরও তার বক্তব্যে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন।