গোলাম পরওয়ারের দাবি

রাজনীতি থেকে অর্থনীতি সবখানেই দিল্লির প্রভাব

রাজনীতি
রাজনীতি থেকে অর্থনীতি সবখানেই দিল্লির প্রভাব
১৭ জুলাই ২০২৬

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দাবি করেছেন, বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে দিল্লির প্রভাব রয়েছে। তার ভাষ্য, দেশের রাজনৈতিক সিদ্ধান্ত ও ক্ষমতার পালাবদল নিয়ন্ত্রণের ‘রিমোট কন্ট্রোল’ দিল্লিতে।

শুক্রবার (১৭ জুলাই) নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে জেলা জামায়াত আয়োজিত সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন ও জেনেভা কনভেনশনের বিধান উপেক্ষা করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামিকে ভারতে প্রযুক্তিগত সুযোগ-সুবিধাসহ অবস্থানের সুযোগ দেওয়া হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, বাংলাদেশ সব প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক সম্মানজনক সম্পর্ক চায়। তবে কোনো দেশ যদি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি, সরকার বা জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে দেশের জনগণ তা মেনে নেবে না।

শেখ হাসিনার বিচার প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, বিষয়টি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আইন ও সরকারের এখতিয়ারভুক্ত। জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে বলেও তিনি মন্তব্য করেন।

বিএনপির অবস্থান নিয়েও সমালোচনা করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, আগে দলটি সংবিধান সংস্কারের কথা বললেও এখন সংশোধনের কথা বলছে। অথচ তাদের ঘোষিত ৩১ দফার প্রথমেই সংবিধান সংস্কারের জন্য কমিশন গঠনের প্রতিশ্রুতি ছিল। তার দাবি, এই অবস্থান পরিবর্তনের মাধ্যমে বিএনপি জনগণের সঙ্গে করা অঙ্গীকার থেকে সরে এসেছে।

দেশের বিদ্যমান সংকট মোকাবিলায় সংসদে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডেকে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করার আহ্বান জানান তিনি। অন্যথায় রাজপথে আন্দোলনে যাওয়ার বিকল্প থাকবে না বলেও সতর্ক করেন।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে তিনি বলেন, নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও হত্যা, নির্যাতন, শিশু ধর্ষণসহ বিভিন্ন অপরাধ উদ্বেগজনকভাবে বেড়েছে। পাশাপাশি বন্যাকবলিত মানুষের উদ্ধার, ত্রাণ বিতরণ ও পুনর্বাসনে সরকারের কার্যকর উদ্যোগ দৃশ্যমান নয় বলেও অভিযোগ করেন।

নরসিংদী জেলা জামায়াতের সংগঠক মো. ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার, মশিউল আলমসহ কেন্দ্র ও জেলার নেতারা উপস্থিত ছিলেন। সম্মেলনের আগে জেলার রুকনদের অংশগ্রহণে একটি কর্মশালাও অনুষ্ঠিত হয়।