ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত

অপরাধ
ইসলামী ব্যাংকের শেয়ার কেলেঙ্কারিতে সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জড়িত
২৫ জুলাই ২০২৬

ইসলামী ব্যাংক থেকে প্রায় ৮০ হাজার কোটি টাকার ঋণ কেলেঙ্কারির ঘটনায় সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও তার মালিকানাধীন প্রতিষ্ঠান জেএমসি বিল্ডার্সের সম্পৃক্ততার তথ্য উল্লেখ করে হাইকোর্টে প্রতিবেদন দাখিল করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ প্রতিবেদন আমলে নিয়ে বিষয়টি তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সম্প্রতি বিএফআইইউ আদালতে এ প্রতিবেদন দাখিল করে। বিষয়টি নিশ্চিত করেছেন এ মামলার আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

তিনি জানান, আগামী বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বিএফআইইউর প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৭ সালে জেএমসি বিল্ডার্সের মনোনীত পরিচালক হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগ দেন মো. সাহাবুদ্দিন। পরে তিনি ব্যাংকটির ভাইস চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। ২০২৩ সালের ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের আগ পর্যন্ত তিনি ওই পদে ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, ওই সময়ের মধ্যে ইসলামী ব্যাংক থেকে ২৪টি প্রতিষ্ঠানের নামে প্রায় ৮০ হাজার কোটি টাকার ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে জেএমসি বিল্ডার্সও একটি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব ঋণের অর্থ এখনো ব্যাংকে ফেরত আসেনি।

হাইকোর্টের নির্দেশনার পর বিষয়টির বিস্তারিত অনুসন্ধান করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে দুদক।