সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন, নেয়া হচ্ছে আদালতে
ঢালিউডের প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খল চরিত্রের অভিনেতা ডন হককে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। রোববার (৯ আগস্ট) তাকে আদালতে নেওয়া হচ্ছে।
আদালতের প্রসিকিউশন সূত্র জানিয়েছে, কিছুক্ষণের মধ্যেই ডন হককে আদালতে হাজির করা হবে।
এর আগে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে সিআইডির একটি দল বিমানবন্দরে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।
বিমানবন্দর থানাপুলিশ সূত্রে জানা গেছে, ডনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলার পরিপ্রেক্ষিতেই তাকে আটক করা হয় বলে জানা গেছে।
সালমান শাহর মৃত্যু নিয়ে দীর্ঘদিনের রহস্য
১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসায় মৃত অবস্থায় পাওয়া যায় সালমান শাহকে। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও বিতর্ক রয়েছে।
সালমান শাহর পরিবারের পক্ষ থেকে শুরু থেকেই দাবি করা হয়ে আসছে, এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। তার মা নীলা চৌধুরীও একাধিকবার অভিযোগ করেছেন, তারা হত্যা মামলা করতে চাইলেও পুলিশ প্রথমে ঘটনাটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত করেছিল।
পুলিশের পক্ষ থেকে সে সময় বলা হয়েছিল, অপমৃত্যু মামলা তদন্তের সময় যদি হত্যাকাণ্ডের প্রমাণ পাওয়া যায়, তাহলে আইন অনুযায়ী মামলাটি হত্যা মামলায় রূপ নেবে।
দীর্ঘ সময় পর সালমান শাহর মামা আলমগীর কুমকুম রমনা থানায় মামলা করেন। ওই মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডন হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
চার বছরের ক্যারিয়ারে ২৭ সিনেমা
নব্বইয়ের দশকের শুরুতে চলচ্চিত্রে অভিষেকের পর অল্প সময়ের মধ্যেই দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন সালমান শাহ। মাত্র চার বছরের চলচ্চিত্রজীবনে ২৭টি সিনেমায় অভিনয় করেন তিনি।
স্বল্প সময়ের ক্যারিয়ারে একের পর এক জনপ্রিয় সিনেমায় অভিনয় করে ঢালিউডে নিজের আলাদা অবস্থান তৈরি করেছিলেন এই অভিনেতা। তার আকস্মিক মৃত্যু আজও চলচ্চিত্রপ্রেমীদের কাছে অন্যতম আলোচিত ঘটনা।
সালমান শাহর মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিনের বিতর্কের মধ্যেই এবার হত্যা মামলায় অভিনেতা ডন হকের গ্রেপ্তার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।


