হানিমুন শেষ, বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে এবার পদক্ষেপ: শিক্ষামন্ত্রী

শিক্ষা
হানিমুন শেষ, বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে এবার পদক্ষেপ: শিক্ষামন্ত্রী
১৭ আগস্ট ২০২৬

বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম ১৮০ দিনের ‘হানিমুন পিরিয়ড’ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, এই সময়ে শিক্ষা খাতের বিভিন্ন সমস্যা চিহ্নিত করা হয়েছে এবং এখন সেগুলো সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার সময়।

সোমবার (১৭ আগস্ট) রাজধানীতে আয়োজিত কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬ অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়ন এবং আন্তর্জাতিক র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার প্রয়োজন রয়েছে। কিউএস র‍্যাংকিংয়ে উন্নত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোকে যেভাবে মূল্যায়ন করা হয়, সার্কভুক্ত দেশগুলোর বিশ্ববিদ্যালয়গুলোকেও একইভাবে মূল্যায়নের আওতায় আনার পক্ষে মত দেন তিনি। এমন ব্যবস্থা হলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান আরও ভালো হতে পারত বলে মন্তব্য করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিনেও পিএইচডি ডিগ্রি চালু না হওয়া নিয়েও প্রশ্ন তোলেন শিক্ষামন্ত্রী। কেন এত বছরেও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি কার্যক্রম চালু করা সম্ভব হয়নি, সে প্রশ্নের জবাবদিহি প্রয়োজন বলেও ইঙ্গিত দেন তিনি।

এহছানুল হক মিলন দেশের বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে অনেক মেধাবী গবেষক রয়েছেন, যারা বিদেশের উন্নয়ন ও গবেষণায় নিজেদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগাচ্ছেন। কিন্তু দেশের জন্য তাদের যথাযথভাবে চিহ্নিত ও কাজে লাগাতে না পারা একটি ব্যর্থতা।

শিক্ষামন্ত্রী আরও জানান, বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা সক্ষমতা বাড়ানো এবং দেশের মেধাবী গবেষকদের দেশেই কাজে লাগানোর বিষয়ে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। উচ্চশিক্ষার মান উন্নয়ন এবং গবেষণাকে আরও কার্যকর করার মাধ্যমে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোকে আন্তর্জাতিক পর্যায়ে শক্তিশালী অবস্থানে নেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য বলে তিনি জানান।

তিনি বলেন, সরকারের প্রথম ১৮০ দিনে সমস্যাগুলো চিহ্নিত করার কাজ হয়েছে। এখন এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার সময়।