পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে হবে বাস্তবায়ন

পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে হবে বাস্তবায়ন
১৭ আগস্ট ২০২৬

সরকারি চাকরিজীবীদের ১ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত মূল বেতন সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। প্রস্তাবিত নতুন বেতনকাঠামো দুই ধাপে বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে গঠিত সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করেছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত ‘জনগণের সরকারের ১৮০ দিন’ শীর্ষক ই-বুকে ‘নবম জাতীয় বেতন স্কেলে: দীর্ঘ প্রতীক্ষার অবসান’ শিরোনামের অংশে এসব তথ্য তুলে ধরা হয়েছে।

ই-বুকের তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ অর্থবছরে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা বাবদ ৮৯ হাজার ৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটিসহ এ খাতে মোট বরাদ্দের পরিমাণ ১ লাখ ৪১ হাজার ৪৩৪ কোটি টাকা।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

গত ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের সময় অর্থমন্ত্রী ১ জুলাই থেকে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের ঘোষণা দিয়েছিলেন। বাজেট বক্তৃতায় তিনি বলেন, প্রায় ১১ বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতনকাঠামোর আওতায় বেতন-ভাতা পাচ্ছেন। দীর্ঘ সময়ে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নতুন কাঠামো প্রণয়নের প্রয়োজন দেখা দিয়েছে।

প্রস্তাবিত বেতনকাঠামো দুই ধাপে কার্যকর করার পরিকল্পনা রয়েছে। প্রথম বছরে মূল বেতন বাড়ানো এবং পরবর্তী বছরে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা কার্যকর করার বিষয়টি বিবেচনায় রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে সচিব কমিটি।

অষ্টম জাতীয় বেতন কমিশনের প্রায় এক যুগ পর ২০২৫ সালের ২৭ জুলাই ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বাধীন কমিশন চলতি বছরের ২১ জানুয়ারি তৎকালীন প্রধান উপদেষ্টার কাছে তাদের প্রতিবেদন জমা দেয়।

কমিশন বিদ্যমান ২০টি গ্রেড বহাল রেখে সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ১০০ থেকে ১৪০ শতাংশ পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছিল। এর মধ্যে সর্বনিম্ন মূল বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করার প্রস্তাব দেওয়া হয়। আর সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৬০ হাজার টাকা নির্ধারণের সুপারিশ করা হয়।

নতুন বেতনকাঠামো চূড়ান্ত করার লক্ষ্যে গত ২১ এপ্রিল মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব ও প্রতিরক্ষাসচিবসহ সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারকদের রাখা হয়।

সচিব কমিটির সব সদস্য চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর করায় এখন নতুন বেতনকাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে।