নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু

দেশজুড়ে
নারায়ণগঞ্জে পুকুরে ডুবে ৪ শিশুর মৃত্যু
২০ আগস্ট ২০২৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরের পানিতে ডুবে চার শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো—আলআমিনের মেয়ে ওজাইফা (১০), মুন্নার মেয়ে আফসা (১২), জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি (৮) এবং রাকিবের মেয়ে রুবাইয়া (৮)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুরের পর শিশুদের বাড়িতে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশের এলাকায় খোঁজ শুরু করেন। পরে মুন্নার বাড়ির পাশের একটি পুকুরের পাড়ে শিশুদের জুতা ও স্যান্ডেল পড়ে থাকতে দেখেন তারা। এতে সন্দেহ হলে স্থানীয়দের সহায়তায় পুকুরে তল্লাশি শুরু করা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

একপর্যায়ে পানির নিচ থেকে চার শিশুকে উদ্ধার করেন পরিবারের সদস্য ও স্থানীয়রা। পরে দ্রুত তাদের হাসপাতালে নেওয়া হয়। দুজনকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অন্য দুজনকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়।

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শিমুল জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়েছিল। অপর দুই শিশুকেও স্থানীয় ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকেরা পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হচ্ছে।