জন্মদিনে গাছ রোপণ, জেলা প্রশাসকের কাছ থেকে বিশেষ সম্মান পেলেন নারায়ণগঞ্জের দম্পতি

অন্যান্য
জন্মদিনে গাছ রোপণ, জেলা প্রশাসকের কাছ থেকে বিশেষ সম্মান পেলেন নারায়ণগঞ্জের দম্পতি
নিউজ ডেস্ক
৩ জুলাই ২০২৫

পরিবেশবান্ধব চিন্তা আর সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়েছেন নারায়ণগঞ্জের এক তরুণ দম্পতি। মেয়ের প্রথম জন্মদিন স্মরণীয় করে রাখতে আয়োজন করেছেন ব্যতিক্রমী এক উদযাপন—কেক কাটা কিংবা পার্টি নয়, বরং তারা রোপণ করেছেন গাছের চারা। এমন উদ্যোগে মুগ্ধ হয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানানো হয়েছে ওই পরিবারকে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ওই দম্পতি—আরিফুল ইসলাম ও আসমাউল হুসনাকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। এই সময় তাদের হাতে উপহার হিসেবে একটি গিফট বক্স এবং একটি গাছের চারা তুলে দেওয়া হয়। জন্মদিন উপলক্ষে ছোট্ট আরিবাহ ইসলামের জন্য কেকও কাটা হয় সেখানে।

জানা যায়, শহরের জেলা পরিষদ এলাকায় বসবাসরত এই দম্পতি তাদের মেয়ের জন্মদিন পালন করেছেন ভিন্নভাবে—গাছ রোপণ করে। জেলা প্রশাসনের ‘গ্রিন অ্যান্ড ক্লিন’ কার্যক্রমে অনুপ্রাণিত হয়েই তারা এমন সিদ্ধান্ত নেন। পরে সামাজিক মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দম্পতির পক্ষে আসমাউল হুসনা বলেন, “আমরা চাই আমাদের সন্তান প্রকৃতি ভালোবাসা শিখুক। জন্মদিন মানে শুধু আনন্দ নয়, একটি ইতিবাচক বার্তা দেওয়ার সুযোগও। তাই গাছ লাগিয়ে উদযাপন করেছি।”

জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “এই পরিবার যেভাবে সচেতনতার দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সত্যিই প্রশংসনীয়। যদি সবাই এমন ভাবনা পোষণ করে, তবে ‘গ্রিন অ্যান্ড ক্লিন নারায়ণগঞ্জ’ বাস্তবায়ন খুব সহজ হবে।”

এমন ব্যতিক্রমী উদ্যোগ শুধু শহরবাসীর জন্য নয়, গোটা দেশের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠতে পারে—এমনটাই মনে করছেন সচেতন নাগরিকরা।