হরমুজ প্রণালিকে এখন ‘আমেরিকান ভূখণ্ড’ হিসেবে দেখছেন ট্রাম্প
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিকে ‘আমেরিকান ভূখণ্ড’ হিসেবে দেখার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইরান চুক্তিতে আগ্রহ দেখালেও এখনো ‘সঠিক চুক্তি’ করার জন্য প্রস্তুত নয় বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (২২ আগস্ট) আলজাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
হরমুজ প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনার মধ্যেই তেহরানের ওপর নতুন করে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন। এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই মার্কিন নিষেধাজ্ঞাকে ‘সব দেশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ হিসেবে অভিহিত করেছেন।
তবে উত্তেজনার পাশাপাশি কূটনৈতিক যোগাযোগও অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে সম্ভাব্য একটি দ্বিপক্ষীয় চুক্তি নিয়ে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে ওমান ও ইরানের পররাষ্ট্রমন্ত্রীরা টেলিফোনে কথা বলেছেন।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্য থেকে বিশ্বের বিভিন্ন দেশে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহনে এই জলপথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে এখানে জাহাজ চলাচলে বড় ধরনের বিঘ্ন তৈরি হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
এদিকে যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেও দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকায় ইসরায়েলি হামলার খবর পাওয়া গেছে। নাবাতিয়েহ প্রদেশের বিন্ত জবেইল জেলার কয়েকটি এলাকা, দেইর সিরিয়ান শহরের আশপাশ এবং টায়ার জেলার আল-মানসুরি শহরে হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা এবং দক্ষিণ লেবাননে নতুন করে হামলার খবর মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।


