নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী

জাতীয়
নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করা হয়েছে: সংসদে পররাষ্ট্রমন্ত্রী
২৭ আগস্ট ২০২৬

বর্তমান সরকারের সুদৃঢ় ও স্বাবলম্বী পররাষ্ট্রনীতির কারণে বিশ্ব দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেন, বিগত ১৫ বছরের দুর্বল কূটনৈতিক অবস্থান থেকে বেরিয়ে এসে দেশের ‘নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা’ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে বৈদেশিক মিশনগুলোর সার্বিক মূল্যায়নসংক্রান্ত সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফল ও সুদূরপ্রসারী পররাষ্ট্রনীতির ফলে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নিজস্ব অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হয়েছে। এই দিকনির্দেশনামূলক নেতৃত্বের ভিত্তিতেই দেশের পররাষ্ট্রনীতিকে আরও সুসংগঠিতভাবে এগিয়ে নেওয়া হবে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

দূতাবাসের কার্যক্রমে আসছে কেপিআই

বিদেশে বাংলাদেশের দূতাবাসগুলোর কর্মদক্ষতা ও বৈদেশিক শ্রমবাজার সম্প্রসারণ নিয়ে এক সংসদ সদস্যের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, কর্মসংস্থান সৃষ্টি, নতুন শ্রমবাজার অনুসন্ধান, জনশক্তি রপ্তানি বৃদ্ধি ও বাণিজ্য সম্প্রসারণে সফল মিশনগুলোর জন্য বিশেষ পুরস্কার বা ‘রিওয়ার্ড ব্যবস্থা’ চালুর বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

দূতাবাসগুলোর জবাবদিহিতা ও দক্ষতা বাড়াতে সরকার কী পারফরম্যান্স ইন্ডিকেটর (কেপিআই) ব্যবস্থা প্রস্তুত করছে বলেও জানান তিনি।

এই ব্যবস্থার মাধ্যমে প্রতিটি দূতাবাসের কার্যক্রমের মান মূল্যায়ন ও গ্রেডিং করা হবে। কোন মিশন কী ধরনের সাফল্য অর্জন করছে বা কোথায় ব্যর্থতা রয়েছে, তা মূল্যায়নের আওতায় আনা হবে।

বাজেটের সময় সংসদে তুলে ধরা হবে দূতাবাসের তথ্য

পররাষ্ট্রমন্ত্রী জানান, আগামী জাতীয় বাজেট পেশের সময় দেশের প্রতিটি দূতাবাসের সাফল্য, ব্যর্থতা এবং কার্যক্রমের হালনাগাদ তথ্য সংসদ সদস্যদের সামনে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে।

তিনি বলেন, এসব তথ্য জানার পূর্ণ অধিকার সংসদ সদস্যদের রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট অপ্রতুল

এদিকে দেশের আয়তন, অর্থনৈতিক অগ্রাধিকার এবং বৈশ্বিক কূটনীতির গুরুত্ব বিবেচনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বর্তমান বাজেট বরাদ্দ অত্যন্ত অপ্রতুল বলেও সংসদে স্বীকার করেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বার্থ কার্যকরভাবে তুলে ধরতে এবং কূটনৈতিক মিশনগুলোর সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সম্পদের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।