ইউপি নির্বাচনে থাকবে না দলীয় প্রতীক: শামা ওবায়েদ
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তাঁর মতে, প্রতীকবিহীন নির্বাচনে প্রার্থীরা দলীয় পরিচয়ের বদলে নিজেদের জনপ্রিয়তা, যোগ্যতা, সততা ও জনগণের সঙ্গে সম্পর্ককে সামনে রেখে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাবেন।
শনিবার ফরিদপুরের নগরকান্দা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি রাজনৈতিক দলগুলোর নেতাকর্মী এবং সাধারণ নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সংঘাত এড়াতে সতর্ক থাকার আহ্বান
সালথা ও নগরকান্দা এলাকায় দাঙ্গা-হাঙ্গামা ও সংঘাতের পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে বলে জানান প্রতিমন্ত্রী। সাধারণ মানুষের নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাই সরকারের প্রধান লক্ষ্য বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, কোনো পক্ষ যাতে সংঘাত সৃষ্টি করে জননিরাপত্তা বিঘ্নিত করতে না পারে, সেদিকে নজর রাখা হচ্ছে। কোনো বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হলে দ্রুত তা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
একই সঙ্গে গুজব ও উসকানিমূলক প্রচারণা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে আইন নিজের হাতে তুলে না নিয়ে যেকোনো অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দেন শামা ওবায়েদ।
আইনশৃঙ্খলা নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত
নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় নগরকান্দা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিয়ে প্রতিরোধ, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, সন্ত্রাস ও কিশোর অপরাধ দমনসহ বিভিন্ন সামাজিক অপরাধ মোকাবিলায় কঠোর অবস্থান নেওয়ার সিদ্ধান্ত হয়।
এসব সমস্যা মোকাবিলায় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় নাগরিকদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানী আজাদ এবং নগরকান্দা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরিফসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া স্থানীয় রাজনৈতিক নেতাদের মধ্যে উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সহসভাপতি আলিমুজ্জামান সেলু ও মাহবুব আলী মিয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা সভায় অংশ নেন।


