রোহিঙ্গা সমস্যা আরও ঘনীভূত হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জাতীয়
রোহিঙ্গা সমস্যা আরও ঘনীভূত হয়েছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
৫ সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকট দীর্ঘায়িত হওয়ার পাশাপাশি পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

শনিবার (৫ সেপ্টেম্বর) রাজধানীতে সেন্টার ফর নন রেসিডেন্ট বাংলাদেশী আয়োজিত ‘আসন্ন জাতিসংঘ সম্মেলন ও বাংলাদেশ ব্র্যান্ডিং’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারপার্সন এম এস সেকিল চৌধুরী।

শামা ওবায়েদ বলেন, রোহিঙ্গা সংকটের এক দশক হতে চলেছে। এটি বাংলাদেশের জন্য বড় ধরনের সমস্যা হলেও এর জন্য বাংলাদেশ দায়ী নয়। সংকটটি বাংলাদেশ সৃষ্টি করেনি; বরং এটি মিয়ানমার থেকে উদ্ভূত।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি জানান, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে রোহিঙ্গা সংকট নিয়ে একটি বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হবে। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীও উপস্থিত থাকবেন। দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিষয়টি তুলে ধরা হলেও বাস্তবে সংকট আরও ঘনীভূত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

রোহিঙ্গা সংকট সমাধানের জটিলতা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে মিয়ানমার সরকার, আরাকান আর্মি এবং বিভিন্ন পক্ষ সক্রিয় রয়েছে। পাশাপাশি এ অঞ্চলে বিভিন্ন দেশের স্বার্থও জড়িত। ফলে বিষয়টি এখন শুধু দুই দেশের মধ্যকার সমস্যা নয়; এর সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা জটিলতা যুক্ত হয়েছে।

তিনি বলেন, এ পরিস্থিতিতে কার্যকর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা না গেলে বাংলাদেশের একার পক্ষে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান করা সম্ভব নয়। এ কারণে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন।

আলোচনা সভার শুরুতে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ বলেন, এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ সভাপতির দায়িত্ব পালন করবে। এ সুযোগ কাজে লাগিয়ে জলবায়ু তহবিল থেকে অর্থ পাওয়ার বিষয়ে বাংলাদেশ শক্তিশালী অবস্থান নিতে পারে।