বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা সংগ্রহের অভিযোগ, মামলায় ৩ জন

অপরাধ
বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের নামে ২৭৬ কোটি টাকা সংগ্রহের অভিযোগ, মামলায় ৩ জন
৪ সেপ্টেম্বর ২০২৬

দেশের ৪১টি ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ ও আত্মসাতের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সাবেক সভাপতি মো. নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুদকের ঢাকা-১ কার্যালয়ে মামলাটি দায়ের করা হয়। দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বাদী হয়ে মামলাটি করেন।

দুদক সচিব সাইদুর রহমান খান এক প্রেস ব্রিফিংয়ে মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুকূলে সিএসআর তহবিলের অর্থ সংগ্রহের মাধ্যমে রাষ্ট্রীয় আর্থিক ক্ষতি করা হয়েছে বলে অভিযোগ আনা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মামলার এজাহারে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে দেশের ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে মোট ২৭৬ কোটি ৩৪ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করেন।

দুদকের ভাষ্য অনুযায়ী, এসব কর্মকাণ্ড দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

মামলায় অভিযোগ করা হয়েছে, সংগৃহীত অর্থ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের অনুকূলে দেওয়া হয়। এভাবে ক্ষমতার অপব্যবহার করে রাষ্ট্রীয় আর্থিক ক্ষতিসাধন করা হয়েছে বলে দাবি করেছে দুদক।

মামলার অপর আসামি নজরুল ইসলাম মজুমদার এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যানও ছিলেন। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) সভাপতির দায়িত্বেও ছিলেন।

এ মামলার মাধ্যমে ৪১টি ব্যাংকের সিএসআর তহবিল থেকে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহের বিষয়টি নিয়ে দুর্নীতি দমন কমিশনের তদন্ত ও আইনি কার্যক্রম আরও এগিয়ে গেল।