ড. ইউনূসের প্রতিষ্ঠানের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশ

আইন ও আদালত
ড. ইউনূসের প্রতিষ্ঠানের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ের নির্দেশ
১০ সেপ্টেম্বর ২০২৬

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ কল্যাণকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

কর পরিশোধের দাবির বিরুদ্ধে গ্রামীণ কল্যাণের করা রিটের রুল খারিজ করে আদালত এ রায় দেন। রায়ে তিন অর্থবছরের জন্য প্রতিষ্ঠানটিকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে রিট খারিজ হওয়ায় গ্রামীণ কল্যাণের কাছ থেকে আয়কর বাবদ ওই অর্থ আদায়ের সুযোগ পেল এনবিআর।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুনর্মূল্যায়নের পর ২০১২-১৩, ২০১৩-১৪, ২০১৪-১৫, ২০১৫-১৬ ও ২০১৬-১৭ করবর্ষের জন্য গ্রামীণ কল্যাণের কাছে কর দাবি করে এনবিআর। এ দাবির বিরুদ্ধে ২০১৭ সালে পৃথক দুটি রিট করে প্রতিষ্ঠানটি। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন।

এর আগে জুলাই গণঅভ্যুত্থানের পর ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে এনবিআরের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর আদায়ের বিষয়ে দেওয়া একটি রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নেন হাইকোর্ট।

বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ ওই রায় প্রত্যাহার করেন। একই সঙ্গে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়।

মামলাটি পুনরায় শুনানির পর বৃহস্পতিবার নতুন বেঞ্চ গ্রামীণ কল্যাণের করা রিটের রুল খারিজ করে দেন। এর ফলে এনবিআরের দাবি করা করের অর্থ গ্রামীণ কল্যাণের কাছ থেকে আদায়ের ক্ষেত্রে আর ওই রিটের বাধা থাকল না।