আগামী শুক্র-শনিবার ব্যাংক বন্ধ নয়, চালু থাকবে লেনদেন
২০২৭ সালের হজ নিবন্ধনের অর্থ জমা নেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার (২৫ ও ২৬ সেপ্টেম্বর) সংশ্লিষ্ট ব্যাংকের শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাপ্তাহিক ছুটির দিন হলেও হজের অর্থ গ্রহণকারী শাখাগুলো স্বাভাবিক সময়সূচি অনুযায়ী কার্যক্রম পরিচালনা করবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস বিভাগ থেকে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে হজ নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুযোগ সহজ করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থ জমা দিতে যেন নিবন্ধনপ্রত্যাশীদের কোনো সমস্যা না হয়, সে জন্য ছুটির দুই দিনও সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের স্বাভাবিক লেনদেনের সময় শেষ হওয়ার পরও কোনো হজযাত্রী বা তাঁর প্রতিনিধি অর্থ জমা দেওয়ার জন্য উপস্থিত থাকলে তাঁদের কাছ থেকে টাকা গ্রহণ করতে হবে।
এ ক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করে যতক্ষণ পর্যন্ত হজ নিবন্ধনের অর্থ জমা দিতে আগ্রহী গ্রাহক উপস্থিত থাকবেন, ততক্ষণ অর্থ গ্রহণের ব্যবস্থা রাখতে বলা হয়েছে।
সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী ২০২৭ সালের হজ নিবন্ধনের কার্যক্রম ২৬ সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে। এ কারণে নিবন্ধনের অর্থ জমা দেওয়ার শেষ পর্যায়ে সাপ্তাহিক ছুটির দুই দিন ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


