নভেম্বর-ডিসেম্বরে নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির

জাতীয়
নভেম্বর-ডিসেম্বরে নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন শুরুর পরিকল্পনা ইসির
২৪ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষার্থীদের বার্ষিক ও পাবলিক পরীক্ষা বিবেচনায় নিয়ে চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন না করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। পরীক্ষা শেষ হলে আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে কমিশন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার এসব তথ্য জানান।

আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নভেম্বর-ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা ও বিভিন্ন পাবলিক পরীক্ষা থাকায় ওই সময়ে নির্বাচন আয়োজনের সুযোগ দেখছে না কমিশন। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে বিষয়টি বিবেচনায় নিয়ে পরীক্ষার সময় বাদ দিয়ে পরবর্তী সময়ে ভোট আয়োজনের চিন্তা করা হচ্ছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, পাবলিক পরীক্ষার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও বড় একটি অংশ দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। একই সময়ে নির্বাচন আয়োজন করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়াসহ ভোটের দায়িত্ব পালন করা কঠিন হয়ে পড়ে। এ কারণে শিক্ষার্থীদের পরীক্ষা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় নিয়ে নির্বাচনের প্রাথমিক পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।

নির্বাচন কমিশনার বলেন, সবকিছু বিবেচনা করে আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা যেতে পারে বলে কমিশন আশা করছে। তবে এখনো কোনো চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়নি।

নির্বাচনের সময় নির্ধারণের ক্ষেত্রে আসন্ন রমজান, ঈদ, দুর্গাপূজা এবং এসএসসি-এইচএসসি পরীক্ষাসহ বিভিন্ন বিষয়ও বিবেচনায় নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে সরকারের সঙ্গে সরাসরি চিঠি চালাচালির কোনো নিয়ম বা নজির নেই বলে জানান আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি বলেন, নির্বাচন কমিশন প্রস্তুত রয়েছে। বর্তমানে সরকারের কাছে কোন কোন স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন উপযোগী, সে বিষয়ে একটি স্পষ্ট তালিকা চাওয়া হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই কমিশন পরবর্তী পরিকল্পনা এগিয়ে নেবে।

নির্বাচনের সময় পরিবর্তনের পেছনে কোনো চাপ কাজ করেনি বলেও জানান এই নির্বাচন কমিশনার। তাঁর ভাষ্য, আইন, সংবিধান ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হচ্ছে।

তিনি বলেন, সার্বিক পরিবেশ অনুকূলে রাখা এবং শিক্ষার্থীদের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করার বিষয়টি বিবেচনায় নিয়েই স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে।