ইসরায়েলের নীতিতে ফিলিস্তিনিদের অস্তিত্ব হুমকিতে: মাহমুদ আব্বাস

ইসরায়েলের নীতিতে ফিলিস্তিনিদের অস্তিত্ব হুমকিতে: মাহমুদ আব্বাস
২৫ সেপ্টেম্বর ২০২৬

ইসরায়েলের নীতির কারণে ফিলিস্তিনিদের জীবন ও অস্তিত্ব হুমকির মুখে পড়েছে বলে সতর্ক করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তাঁর দাবি, ইসরায়েলের কর্মকাণ্ড শুধু দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকেই সংকুচিত করছে না, একই সঙ্গে ফিলিস্তিনিদের অস্তিত্বের ওপরও গুরুতর হুমকি তৈরি করছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে আব্বাসের পূর্বে রেকর্ড করা বক্তব্য প্রচার করা হয়। যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয় বছরের মতো ফিলিস্তিনি প্রতিনিধিদলের সদস্যদের ভিসা না দেওয়ায় তিনি নিউইয়র্কে সরাসরি উপস্থিত হতে পারেননি। পরে সাধারণ পরিষদে ভিডিওর মাধ্যমে তাঁর বক্তব্য উপস্থাপনের অনুমতি দেওয়া হয়।

রামাল্লা থেকে দেওয়া বক্তব্যে আব্বাস বলেন, ফিলিস্তিনিরা তাদের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক সময়গুলোর একটি পার করছে। গাজায় হত্যা, ধ্বংস, অনাহার ও বাস্তুচ্যুতির কারণে নজিরবিহীন মানবিক বিপর্যয় তৈরি হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ফিলিস্তিনি প্রেসিডেন্টের ভাষ্য, গাজায় ইসরায়েলি বাহিনীর কর্মকাণ্ড ফিলিস্তিনিদের জীবনযাপনের ভিত্তিকে ধ্বংস করে দিচ্ছে। আবাসিক এলাকা, শহর, শরণার্থীশিবির, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, মসজিদ ও গির্জাসহ বিভিন্ন স্থাপনা ধ্বংসের কথা তুলে ধরেন তিনি। তাঁর দাবি, এর ফলে বর্তমান প্রজন্মের পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অধিকৃত পশ্চিম তীরের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আব্বাস। সেখানে ইসরায়েলি বসতি সম্প্রসারণকে তিনি ‘দুরভিসন্ধিমূলক ঔপনিবেশিক পরিকল্পনা’ হিসেবে উল্লেখ করেন। ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করার পাশাপাশি বসতি সম্প্রসারণের মাধ্যমে পশ্চিম তীরে নতুন বাস্তবতা তৈরি করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট। আন্তর্জাতিক আইনের ভিত্তিতে একটি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ফিলিস্তিনি ও ইসরায়েলি উভয় জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার কথা বলেন তিনি।

আব্বাস বলেন, দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান টিকিয়ে রাখার প্রথম পদক্ষেপ হতে হবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নির্ধারিত ভূখণ্ড সংরক্ষণ এবং সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের সুরক্ষা নিশ্চিত করা।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ভিসা না দেওয়ার প্রেক্ষাপটে ২০২৬ সালের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে ফিলিস্তিনি প্রেসিডেন্টের পূর্বে রেকর্ড করা বক্তব্য প্রচারের অনুমতি দেওয়া হয়। এ বিষয়ে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভোটে ১৫২টি দেশ প্রস্তাবের পক্ষে এবং তিনটি দেশ বিপক্ষে ভোট দেয়।