কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের সামলাবেন কি না, প্রশ্ন জামায়াত আমিরের
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে কর্তৃত্বশালীদের উদ্দেশে প্রশ্ন রেখেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার একটি ভিডিও শেয়ার করে এ প্রশ্ন তোলেন তিনি। বিষয়টি নিয়ে বিভিন্ন প্রতিবেদনে হামলা ও ভাঙচুরের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে।
ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তাণ্ডব হয়েছে।
তিনি আরও লেখেন, ‘মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’
এরপর কর্তৃত্বশালীদের উদ্দেশে প্রশ্ন রেখে জামায়াত আমির বলেন, ‘কর্তৃত্বশালীরা নিজেদের চাঁদাবাজদের কি সামলাবেন? একের পর এক ঘটনা ঘটেই চলেছে। হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।’
এর আগে শনিবার রাতে রাজধানীর ইসিবি চত্বরের নিউগ্রিনি প্রপার্টিজে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ ওঠে। সালমান মুক্তাদিরও চাঁদা দাবির পর হামলার অভিযোগ করেছেন। তবে হামলার সঙ্গে কারা জড়িত, সে বিষয়ে বিভিন্ন পক্ষ থেকে ভিন্ন ভিন্ন দাবি এসেছে।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক অঙ্গনেও প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে হামলা ও চাঁদাবাজির অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্তের ফলাফলই ঘটনার দায় ও সংশ্লিষ্টতার বিষয়ে চূড়ান্ত তথ্য দেবে।


