সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারী শাহরিয়ার গ্রেপ্তার

অন্যান্য
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারী শাহরিয়ার গ্রেপ্তার
২৭ সেপ্টেম্বর ২০২৬

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে ভাঙচুরের ঘটনায় মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত শাহরিয়ারকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই ঘটনায় আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর বেইলি রোড এলাকা থেকে শাহরিয়ারকে গ্রেপ্তার করা হয়। ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না। একই ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, স্টুডিওটি যে জমিতে অবস্থিত, সেই জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেডের সঙ্গে এলাকার অন্য জমির মালিকদের বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে।

তিনি বলেন, নিউ গিনি প্রপার্টিজ ওই জমিতে একটি গেট নির্মাণ করে অন্যদের চলাচল বন্ধ করে দিয়েছিল। এতে চলাচলে সমস্যার সৃষ্টি হলে ক্ষুব্ধ হয়ে প্রতিপক্ষের লোকজন সেখানে যায়। ওই বিরোধ থেকেই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

ওসি বলেন, হামলার মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এর আগে শনিবার রাতে সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সালমান মুক্তাদিরের অভিযোগ, রাতের দিকে দুটি ট্রাকে করে লোকজন এসে স্টুডিওতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।

রাত পৌনে ২টার দিকে ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে সালমান জানান, কিছুক্ষণ আগে সেখানে হামলা হয়েছে এবং স্টুডিওটি ভাঙচুর করা হয়েছে।

পরে সালমান অভিযোগ করেন, হামলাকারীদের মূল লক্ষ্য সম্ভবত ভবনের মালিক ছিলেন এবং তাঁর কাছে চাঁদা দাবি করা হয়ে থাকতে পারে। তবে পুলিশের প্রাথমিক তদন্তে জমি ও চলাচলের বিরোধের বিষয়টি সামনে এসেছে।