নারীদের নিরাপদ যাতায়াতে আরও ১০০ পিংক বাস

অন্যান্য
নারীদের নিরাপদ যাতায়াতে আরও ১০০ পিংক বাস

নারীদের জন্য চালু করা পিংক বাস। ছবি : সংগৃহীত

২৮ সেপ্টেম্বর ২০২৬

নারীদের স্কুল, কলেজ ও কর্মস্থলে যাতায়াতের সুবিধা বাড়াতে দ্রুত সময়ের মধ্যে আরও ১০০টি পিংক বাস চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বর্তমানে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করলেও নারীদের চাহিদার তুলনায় এ সংখ্যা অপ্রতুল বলে জানিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।

রোববার (২৭ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়। বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে অতিরিক্ত পিংক বাস চালুর উদ্যোগের কথা জানানো হয়।

কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন বিভাগ ও দপ্তরের সার্বিক কার্যক্রম সম্পর্কে সদস্যদের অবহিত করা হয়। একই সঙ্গে সড়ক ও মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে মন্ত্রণালয়ের পরিকল্পনা ও গৃহীত পদক্ষেপ নিয়েও আলোচনা হয়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

বৈঠকে জানানো হয়, বর্তমানে ১৩টি রুটে ১৪টি পিংক বাস চলাচল করছে। নারীদের যাতায়াতের চাহিদা বিবেচনায় এ সংখ্যা বাড়িয়ে দ্রুততম সময়ের মধ্যে আরও ১০০টি বাস চালুর ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ ছাড়া কর্ণফুলী টানেলের সার্ভিস এলাকায় ৭২ একর জমির ওপর নির্মিত অত্যাধুনিক বিলাসবহুল রিসোর্টটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শনের উদ্যোগ নিতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে স্থায়ী কমিটি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে।

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ঝুঁকিপূর্ণ মোড় ও দুর্ঘটনাপ্রবণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়েও বৈঠকে আলোচনা হয়। এসব এলাকায় সড়ক সোজা ও প্রশস্ত করার পাশাপাশি নতুন সড়ক প্রকল্প গ্রহণের ক্ষেত্রে যথাসম্ভব সরলরেখায় সড়ক নির্মাণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে কমিটির সদস্য ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, লুৎফর রহমান, মো. রুহুল আমীন দুলাল, মোহাম্মদ আক্তারুজ্জামান, নেওয়াজ হালিমা আরলী, মো. রফিকুল ইসলাম খান ও মো. মতিয়ার রহমান অংশ নেন। বিশেষ আমন্ত্রণে সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রী মো. রাজিব আহসানও বৈঠকে যোগ দেন।