মিরপুরে হকার উচ্ছেদ: সমন্বিত উদ্যোগের আহ্বান শফিকুর রহমানের

রাজধানী
মিরপুরে হকার উচ্ছেদ: সমন্বিত উদ্যোগের আহ্বান শফিকুর রহমানের
৩০ সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশ ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কর্মীদের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য ডা. শফিকুর রহমান। স্থানীয় সংসদ সদস্যকে অবহিত ও সম্পৃক্ত করে এ ধরনের অভিযান পরিচালনার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি।

শফিকুর রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্যকে অবহিত না করে এ ধরনের পদক্ষেপ নেওয়ার বিষয়টি তাকে বিস্মিত করেছে। এ বিষয়ে তারও দায়িত্ব রয়েছে এবং তাকে সম্পৃক্ত করা যেত। পারস্পরিক পরামর্শের মাধ্যমে কার্যকর একটি সমাধানে পৌঁছানো সম্ভব ছিল বলেও মন্তব্য করেন তিনি।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

মিরপুরে ডিএনসিসির উচ্ছেদ অভিযান চলাকালে ফুটপাতে বসা ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ও পুলিশের সংঘর্ষের কথা উল্লেখ করে তিনি বলেন, ঘটনায় সিটি করপোরেশনের কিছু সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অভিযানে অংশ নেওয়া কর্মকর্তা-কর্মচারীরাও আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে পুলিশের সদস্যদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ এবং সংবাদ সংগ্রহে যাওয়া গণমাধ্যমকর্মীদের বাধার মুখে পড়ার কথাও উল্লেখ করেন তিনি। ঘটনাটিতে ডিএনসিসির কয়েকটি গাড়িতে আগুন ও পুলিশের গাড়ি ভাঙচুরের খবরও এসেছে।

জামায়াতের আমির বলেন, ঢাকা-১৫ একটি গুরুত্বপূর্ণ সংসদীয় আসন। জনগণের সুবিধা-অসুবিধা সংশ্লিষ্ট কোনো বিষয়ে পদক্ষেপ নেওয়ার আগে স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে পরামর্শ করা হলে বিষয়টি আরও সমন্বিতভাবে বাস্তবায়ন করা সম্ভব হতে পারে।

তিনি বলেন, হকার উচ্ছেদের ক্ষেত্রে সংঘাতের পরিবর্তে এমন ব্যবস্থা নেওয়া প্রয়োজন, যাতে ক্ষুদ্র ব্যবসায়ীরা অযথা ক্ষতিগ্রস্ত না হন এবং একই সঙ্গে সাধারণ মানুষের চলাচলের পথও নির্বিঘ্ন থাকে। এজন্য সমন্বিত ও বাস্তবভিত্তিক উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

শফিকুর রহমান আরও অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তি এসব ক্ষুদ্র ব্যবসায়ীর কাছ থেকে দৈনিক, সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে চাঁদা নিয়ে ফুটপাতে ব্যবসা করার সুযোগ করে দিচ্ছে। তার দাবি, এ ধরনের কর্মকাণ্ডের আর্থিক চাপ শেষ পর্যন্ত সাধারণ ক্রেতা ও জনগণের ওপর পড়ে।

তিনি বলেন, বিচ্ছিন্ন কোনো পদক্ষেপের পরিবর্তে সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে সমন্বিত, সুপরিকল্পিত ও টেকসই উদ্যোগ নেওয়া প্রয়োজন।

উচ্ছেদ অভিযান পরিচালনার আগে হকারদের জন্য বিকল্প ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেন শফিকুর রহমান। সংশ্লিষ্ট ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কোনো বিকল্প ব্যবস্থা করা হয়েছে কি না, তা বিবেচনা করা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

ভবিষ্যতে এ ধরনের পদক্ষেপ স্থানীয় সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষকে সম্পৃক্ত করে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমস্যার সমাধানে পারস্পরিক আলোচনা ও সমন্বয় গুরুত্বপূর্ণ।

সবাইকে আপাতত শান্ত থাকার আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, যেখানেই সমস্যা রয়েছে, সেখানেই সমাধানের পথ রয়েছে। তবে সেই সমাধান নিরপেক্ষ, বাস্তবভিত্তিক ও মানবিক হওয়া উচিত, যাতে কাউকে অযথা ক্ষতিগ্রস্ত হতে না হয়।