নতুন বেতন কাঠামোয় মূল্যস্ফীতির ঝুঁকি দেখছে বাংলাদেশ ব্যাংক
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাম্প্রতিক অগ্রগতি ধরে রাখতে নীতি সুদহার ৯ দশমিক ৫ শতাংশে অপরিবর্তিত রেখেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে নতুন বেতন কাঠামো ও জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে মূল্যস্ফীতির ওপর বাড়তি চাপ তৈরির আশঙ্কা জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বুধবার (৩০ সেপ্টেম্বর) অক্টোবর-ডিসেম্বর ২০২৬ মেয়াদের প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি বিবৃতি (কিউএমপিএস) প্রকাশ করে এ সিদ্ধান্ত জানানো হয়।
বাংলাদেশ ব্যাংক জানায়, আগস্টে দেশের সাধারণ মূল্যস্ফীতি ৮ দশমিক ২৬ শতাংশে নেমেছে, যা ১০ মাসের মধ্যে সর্বনিম্ন। তবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও নতুন জাতীয় পে স্কেলের আংশিক বাস্তবায়ন মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, জ্বালানির দাম বাড়ায় পরিবহন ও উৎপাদন ব্যয় বাড়ার আশঙ্কা রয়েছে। অন্যদিকে পে স্কেলের আংশিক বাস্তবায়ন মূল্যস্ফীতির পাশাপাশি সরকারের রাজস্ব খাতেও অতিরিক্ত চাপ তৈরি করতে পারে।
গত আগস্টে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ০২ শতাংশে নামলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ৩২ শতাংশে ছিল। জ্বালানি ও পরিবহন ব্যয় বৃদ্ধির প্রভাব আগামী দিনে বাজারে আরও দৃশ্যমান হতে পারে বলে সতর্ক করেছে কেন্দ্রীয় ব্যাংক।
ডেপুটি গভর্নর হাবিবুর রহমান জানান, নীতি সুদহারের পাশাপাশি স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) ১১ শতাংশ এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) ৭ দশমিক ৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক বলেছে, বিশ্ববাজারে জ্বালানির দাম, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিঘ্ন এবং দেশের অভ্যন্তরে জ্বালানি মূল্যবৃদ্ধির প্রভাবে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে। এ অবস্থায় আগেভাগে মুদ্রানীতি শিথিল করলে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের প্রক্রিয়া আরও দীর্ঘ হতে পারে।


