৪০ প্রাণের স্মরণে ১৫ অক্টোবর বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়
১৯৮৫ সালের ১৫ অক্টোবর জগন্নাথ হলে মর্মান্তিক দুর্ঘটনায় ২৬ শিক্ষার্থীসহ ৪০ জন নিহত হওয়ার স্মরণে প্রতিবছর ১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হয়। এবারও দিনটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ রেখে দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করবে প্রশাসন।
আগামী বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবন, সব হল ও হোস্টেলে কালো পতাকা উত্তোলন করা হবে। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হবে। শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করবেন।
সকাল সাড়ে ৭টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শোক র্যালি বের হবে। র্যালিটি জগন্নাথ হলের স্মৃতিসৌধে গিয়ে শেষ হবে। সেখানে নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও নীরবতা পালন করা হবে।
সকাল ৮টায় অক্টোবর স্মৃতি ভবনের টিভি কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে ১৯৮৫ সালের দুর্ঘটনা, নিহতদের স্মৃতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ওই ঘটনার তাৎপর্য তুলে ধরা হবে।
ধর্মীয় সম্প্রীতির অংশ হিসেবে সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত জগন্নাথ হল প্রাঙ্গণে হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রার্থনা সভা হবে। বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিআ’সহ সব হল মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনায় মোনাজাত অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জগন্নাথ হল প্রশাসনের ব্যবস্থাপনায় নিহতদের তৈলচিত্র ও দুর্ঘটনাসংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-উপাত্ত প্রদর্শন করা হবে। এর মাধ্যমে ১৯৮৫ সালের সেই দুর্ঘটনার ইতিহাস ও নিহতদের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে।
১৯৮৫ সালের ওই ঘটনায় ২৬ শিক্ষার্থী ছাড়াও ১৪ জন অতিথি ও কর্মচারী প্রাণ হারান। অনেকে আহতও হন। এরপর থেকেই দিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শোক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
শোক দিবস উপলক্ষে ১৫ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকলেও স্মরণ ও শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি দিনভর চলবে। কালো পতাকা উত্তোলন, শোক র্যালি, পুষ্পস্তবক অর্পণ, প্রার্থনা, মোনাজাত এবং স্মৃতি প্রদর্শনীর মধ্য দিয়ে ৪০ নিহতকে স্মরণ করবে বিশ্ববিদ্যালয় পরিবার।


