এসএসসিতে অকৃতকার্যদের ৩ মাসের মধ্যে পরীক্ষার উদ্যোগ নিতে পারে সরকার
এসএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য বিকল্প ক্যারিয়ার গঠনের সুযোগ তৈরি করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন। পাশাপাশি ২০২৭ সাল থেকে অকৃতকার্য শিক্ষার্থীদের তিন থেকে ছয় মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ চালুর পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে গণস্বাক্ষরতা অভিযান ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে ‘চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন-২০২৬’ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
মাহদী আমিন বলেন, এসএসসি পরীক্ষায় ভালো ফল করতে না পারা শিক্ষার্থীদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এসব শিক্ষার্থীর প্রত্যেকের জন্য উপযুক্ত ক্যারিয়ার গড়ার সুযোগ তৈরি করাই সরকারের লক্ষ্য।
তিনি জানান, এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও সচিবদের সঙ্গে আলোচনা করছে। শিক্ষার্থীদের আগ্রহ ও সক্ষমতা অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং উদ্যোক্তা হওয়ার সুযোগ তৈরির পরিকল্পনা রয়েছে। যাঁদের ভালো ব্যবসায়িক ধারণা আছে, তাঁদের জন্য প্রাথমিক তহবিলের ব্যবস্থাও বিবেচনা করা হতে পারে।
বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ভাষা শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষা উপদেষ্টা। তিনি বলেন, জাপানি, কোরীয়, চীনা কিংবা ইউরোপের বিভিন্ন দেশের ভাষা শেখার তিন থেকে ছয় মাসের কোর্স শিক্ষার্থীদের বিদেশে কাজের সুযোগ বাড়াতে পারে। পাশাপাশি স্বল্পমেয়াদি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে তাঁদের সরাসরি কর্মসংস্থানের সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
মাহদী আমিন বলেন, শুধু উচ্চশিক্ষা অর্জন করলেই কর্মসংস্থানের নিশ্চয়তা তৈরি হয় না। অন্যদিকে ভাষা শিক্ষা ও প্রয়োজনীয় কারিগরি দক্ষতা অর্জন করতে পারলে অনেক শিক্ষার্থীর দ্রুত চাকরি পাওয়ার সুযোগ তৈরি হতে পারে।
এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার বিষয়ে তিনি বলেন, এক বছর অপেক্ষা না করে তিন মাসের মধ্যে আবার পরীক্ষা দেওয়ার সুযোগ রাখা যায় কি না, সে বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের কাছ থেকে প্রস্তাব এসেছে। বিশেষ করে যেসব শিক্ষার্থী নির্দিষ্ট কোনো বিষয়ে অকৃতকার্য হয়েছে, তাদের সেই বিষয়ে দ্রুত পুনঃপরীক্ষার সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
তিনি বলেন, বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। আগামী বছর থেকে তিন থেকে ছয় মাসের মধ্যে পুনঃপরীক্ষার ব্যবস্থা চালুর বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সরকারের এ উদ্যোগ বাস্তবায়িত হলে এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার পাশাপাশি কারিগরি দক্ষতা অর্জন, উদ্যোক্তা হওয়া এবং দেশ-বিদেশে কর্মসংস্থানের বিকল্প পথ তৈরি হতে পারে।


