তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী

অন্যান্য
তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী
১৩ অক্টোবর ২০২৬

তরুণদের সাহসী ভূমিকার কারণেই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াতে এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে দ্বিতীয় বর্ষপূর্তি: রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, শেখ হাসিনার শাসনামলে ভয়াবহ দুঃশাসনের মধ্যেও তরুণেরা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র নিয়ে চিন্তা করেছেন এবং সাহসের সঙ্গে নিজেদের মতামত তুলে ধরেছেন। তাদের এ প্রচেষ্টা প্রশংসার দাবিদার।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

তিনি বলেন, দীর্ঘদিনের দুঃশাসনের পর ছাত্র-জনতার উত্থান ঘটে। এর প্রায় দেড় বছর পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে নতুন সরকার ক্ষমতায় এসেছে। তবে উত্তরাধিকার সূত্রে সরকারকে ব্যাংক লুটপাট, অর্থ পাচার, আর্থিক খাতের অব্যবস্থাপনা ও নানা অর্থনৈতিক সংকট মোকাবিলা করতে হচ্ছে।

ব্যাংক লুটপাট ও অর্থ পাচারের দায় অতীতের: রিজভী

বিএনপির এই নেতা অভিযোগ করেন, শেখ হাসিনার শাসনামলে দেশের ব্যাংক, বিমা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল। সে সময় ক্ষমতাসীনদের ইচ্ছাই ছিল চূড়ান্ত। সরকারি প্লট, কৃষিজমি এমনকি সাধারণ মানুষের গবাদিপশুও প্রভাবশালীদের পছন্দ অনুযায়ী দখল করা হতো বলে দাবি করেন তিনি।

রিজভী বলেন, ওই সময় দেশ ভয়াবহ অন্ধকারের মধ্যে ছিল। অতীতের অনিয়ম ও লুটপাটের প্রভাব এখনো অর্থনীতিতে রয়ে গেছে।

দেশের প্রায় ৬ লাখ ৭ হাজার কোটি টাকার খেলাপি ঋণের বোঝার কথা উল্লেখ করে তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিরা ঋণের নামে অর্থ লুটপাট করেছেন।

রিজভীর ভাষ্য, এসব অনিয়ম ও অব্যবস্থাপনার দায় বর্তমান বিএনপি সরকারের নয়। বরং অতীতের লুটপাটনির্ভর অর্থনৈতিক ব্যবস্থা থেকে দেশকে পুনর্গঠনের চেষ্টা করছে সরকার।

অনুষ্ঠানে দীর্ঘ স্বৈরাচারবিরোধী আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে রাজনীতিবিদ ও পেশাজীবীদের ভূমিকা নিয়ে আলোচনা হয় এবং সম্মাননা প্রদান করা হয়।