ঢাকার আকাশে দরজা খুলে গেল ভারতীয় ফ্লাইটের, জরুরি অবতরণ
ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে পশ্চিমবঙ্গের কলকাতায় যাওয়ার পথে মাঝআকাশে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় বিমানে থাকা রোগীর স্বজনরা সাহসিকতার সঙ্গে দরজাটি ধরে রাখেন। পরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর অসুস্থ রোগী অঞ্জনা ভৌমিককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
রোববার (১৮ অক্টোবর) বিকেলের দিকে এ ঘটনা ঘটে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ছোট আকারের এয়ার অ্যাম্বুলেন্সটি ভারতের ‘এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড’-এর মালিকানাধীন। আগরতলা থেকে কলকাতায় যাওয়ার সময় মাঝপথে উড়োজাহাজটির দরজা খুলে গেলে পরিস্থিতি সামাল দিতে রোগীর স্বজনরা সেটি ধরে রাখেন।
পরে নিরাপত্তার স্বার্থে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অবতরণের পর দ্রুত রোগী অঞ্জনা ভৌমিককে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। তবে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. রিয়াজ উদ্দিন বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।


