অনাগত সন্তানকে বিক্রি করতে চাওয়া আঁখির পাশে প্রধানমন্ত্রী
‘গর্ভের সন্তান বিক্রি করতে চান আঁখি’ শিরোনামে গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদ নজরে আসার পর অসহায় ওই নারী ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিবারটির হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়ার পাশাপাশি সন্তান প্রসবের সব খরচ বহন এবং কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন তিনি।
প্রকাশিত প্রতিবেদনে উঠে আসে, আঁখি তৃতীয়বারের মতো মা হতে চলেছেন। তাঁর স্বামী দীর্ঘদিন ধরে অসুস্থ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির চিকিৎসা ও সংসারের ব্যয় মেটাতে গিয়ে ঋণগ্রস্ত হয়ে পড়েছে পরিবারটি। চরম আর্থিক সংকটের কারণে অনাগত সন্তানকে ‘বিক্রি’ করার মতো হৃদয়বিদারক সিদ্ধান্তের কথা ভাবতে বাধ্য হন আঁখি।
প্রতিবেদনটি প্রকাশের দিনই বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপর মানবিক বিবেচনায় পরিবারটির খোঁজখবর নেওয়ার জন্য প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে নির্দেশ দেন তারেক রহমান।
প্রধানমন্ত্রীর নির্দেশনার পর দ্রুত আঁখি ও তাঁর পরিবারের সন্ধান করা হয়। মাত্র এক ঘণ্টার মধ্যে পরিবারটির সঙ্গে যোগাযোগ করে তাদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেওয়া হয়। এতে জানা যায়, স্বামীর চিকিৎসা ও সংসারের খরচ চালাতে গিয়ে পরিবারটি ঋণের চাপে বিপর্যস্ত হয়ে পড়েছে।
পরিবারটির দুরবস্থার কথা জানার পর তাদের সহায়তায় এগিয়ে আসেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় গত রোববার আঁখি ও তাঁর পরিবারের সদস্যদের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাকা হয়। সেখানে তাঁদের হাতে এক লাখ টাকার একটি চেক তুলে দেওয়া হয়।
এ ছাড়া আঁখির সন্তান প্রসবের যাবতীয় ব্যয় বহন এবং পরিবারের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


