আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
আগামী জাতীয় নির্বাচন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, রাজনৈতিক সমঝোতা ও আন্দোলনের মূল অঙ্গীকার অনুযায়ী সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা হবে।
রোববার (২৫ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, ত্রয়োদশ সংশোধনী নিয়ে বিচারপতি এ বি এম খায়রুল হকের দেওয়া রায় সর্বোচ্চ আদালতে বাতিল হয়েছে এবং বিচারিক প্রক্রিয়ায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের পথ তৈরি হয়েছে। এখন আইনসভার মাধ্যমে সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী এনে এ ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা হবে।
শান্তিপূর্ণ দুর্গাপূজা উদযাপনে সন্তোষ
এবার শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবটি নিশ্ছিদ্র নিরাপত্তা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগাম প্রস্তুতি এবং প্রযুক্তিনির্ভর নজরদারির কারণে এ বছর কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই পূজা সম্পন্ন হয়েছে বলে দাবি করেন তিনি। আগামী বছরগুলোতেও এ ধরনের পরিবেশ বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, গত ১৫ থেকে ১৭ বছরে দুর্গাপূজাকে কেন্দ্র করে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টা দেখা গেছে। বর্তমান সরকার দেশকে সেই পরিস্থিতি থেকে বের করে আনতে পেরেছে বলেও মন্তব্য করেন তিনি।
মন্ত্রী আরও বলেন, এবার আগাম প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল। ডিজিটাল অ্যাপ ও আধুনিক প্রযুক্তির মাধ্যমে তৃণমূল থেকে বিভাগীয় ও কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত সার্বক্ষণিক নজরদারি চালানো হয়। এতে নাশকতার পরিকল্পনা আগেই প্রতিহত করা সম্ভব হয়েছে বলে জানান তিনি।
৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশের ইতিহাসে এবার সর্বোচ্চ ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। উৎসবকে আরও আনন্দমুখর করতে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তাঁর ভাষ্য অনুযায়ী, দুর্গাপূজায় সরকারি বরাদ্দ আগে সর্বোচ্চ ৪ কোটি টাকা থাকলেও এ বছর তা বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে। পাশাপাশি প্রতিটি মণ্ডপের জন্য চালের বরাদ্দ ১০০ কেজি বাড়িয়ে ৬০০ কেজি করা হয়েছে। এ বছর সাপ্তাহিক ছুটিসহ সনাতন ধর্মাবলম্বীরা টানা পাঁচ দিনের ছুটি পেয়েছেন, যার মধ্যে তিন দিন ছিল সরকারি ছুটি।
গোপালগঞ্জে পুলিশের ওপর হামলার চেষ্টা
গোপালগঞ্জ সদরের খেয়াঘাটসংলগ্ন এলাকায় সাম্প্রতিক ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কিছু সদস্য টহলরত পুলিশের ওপর হামলার চেষ্টা করেন।
সংখ্যায় কম থাকায় পুলিশ সদস্যরা আক্রান্ত হন বলে দাবি করেন তিনি। ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ইতোমধ্যে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে বলেও জানান মন্ত্রী।
সাজেকের পরিস্থিতি নিয়ন্ত্রণে
পার্বত্য অঞ্চলের সাজেকে সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী ও পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়াসহ স্থানীয় নেতারা পরিস্থিতির স্থায়ী সমাধানে রাজনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।
অতিরিক্ত ডিআইজির বিরুদ্ধে ব্যবস্থা
একজন অতিরিক্ত উপমহাপরিদর্শকের (ডিআইজি) বাসভবনে অভিযান এবং মোবাইল কোর্টের মাধ্যমে ৮৫ জনকে সাজা দেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অভিযুক্ত কর্মকর্তার পরিচয় বিবেচনায় না নিয়ে তাঁকে ইতোমধ্যে সংযুক্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী বিভাগীয় মামলা এবং অন্যান্য আইনি প্রক্রিয়া চলবে।
মন্ত্রী বলেন, অভিযোগের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট প্রক্রিয়া অব্যাহত থাকবে।


