চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাতীয়
চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
২৬ অক্টোবর ২০২৬

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে জাপান পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বিনিয়োগ বৃদ্ধি এবং বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্য নিয়ে এ সফর করছেন তিনি।

স্থানীয় সময় সোমবার সকাল ৯টার পর প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি জাপানের নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এর আগে রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের নিয়ে ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সফরের প্রথম দিনে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির কার্যালয়ে দুই দেশের নেতার মধ্যে উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতার বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।

বৈঠক শেষে দুই দেশের পক্ষ থেকে যৌথ সংবাদ বিবৃতি প্রকাশ করা হবে। এ ছাড়া জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আয়োজনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

চার দিনের এ সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সহযোগিতা আরও জোরদার এবং অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।