চীনের বিনিয়োগকে স্বাগত জানালেন বিদ্যুৎমন্ত্রী
বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ খাতে চীনের বিনিয়োগকে স্বাগত জানিয়েছেন মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৬ অক্টোবর) সকাল ১১টায় সচিবালয়ে চীনের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে তিনি এ আগ্রহের কথা জানান।
বৈঠকে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা, প্রযুক্তিগত সহযোগিতা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান ও পরামর্শক প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সমন্বয়ে আট সদস্যের একটি দল বৈঠকে অংশ নেয়।
প্রতিনিধি দলে ছিলেন চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান শেনজেন কাইফা টেকনোলজি (চেংদু) কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বোর্ড পরিচালক সেনহুই ঝাং, এশিয়া-প্যাসিফিক (এপিএসি) অঞ্চলের কারিগরি প্রধান জুনজি চেন, একই অঞ্চলের ব্যবসাপ্রধান ওয়েই ঝাং এবং বাংলাদেশের জাতীয় প্রতিনিধি ইউকিং ইয়াও।
এ ছাড়া ওয়াক্সম্যাক্স কনসাল্টিং প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান জিনসং ওয়াং, ব্যবস্থাপনা পরিচালক ডেভিড এবং পরিচালক স্টেফান ডিং বৈঠকে উপস্থিত ছিলেন। এ সময় দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি রেজাউর রহমান সোহাগও উপস্থিত ছিলেন।
বৈঠকে চীনা প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা হয়। তবে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ, প্রকল্পের ধরন কিংবা বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।


