গ্রীষ্মের আগেই দেশে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আগামী গ্রীষ্ম মৌসুমের আগেই দেশে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এ লক্ষ্যে গৃহস্থালি ও শিল্পকারখানার ছাদে সৌর প্যানেল স্থাপনের পাশাপাশি সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগ ও প্রযুক্তির প্রসারে উদ্যোগ নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
তিনি জানান, আগামী ৩ ও ৪ নভেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান এক্সপোটির উদ্বোধন করবেন বলে জানান তিনি।
ব্রিফিংয়ে জ্বালানি খাতের অগ্রাধিকার তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানের পাশাপাশি আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা মোকাবিলায় বিকল্প ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে চায় সরকার। সম্প্রতি আলজেরিয়ার সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের মাধ্যমে সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও পেট্রোলিয়াম পণ্য আমদানির উৎস নির্ধারণ ও সংগ্রহপ্রক্রিয়া সহজ হবে বলেও উল্লেখ করেন তিনি।
অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে অভিযান
মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে ডা. জাহেদ উর রহমান বলেন, দেশজুড়ে অবৈধ অস্ত্র ও মাদকের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান জোরদার করা হয়েছে।
তিনি জানান, গত কয়েক সপ্তাহে পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা বিভিন্ন অভিযান চালিয়ে দেশব্যাপী বিপুল পরিমাণ ইয়াবা, হেরোইন, ফেনসিডিল ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। তরুণ সমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা এবং পরিচ্ছন্ন সমাজ গঠনে এসব অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
চালু হচ্ছে সমন্বিত স্বাস্থ্য ডেটাবেস ও হেলথ কার্ড
জনস্বাস্থ্য সুরক্ষায় দেশের প্রায় ২০ কোটি মানুষের জন্য একটি সুরক্ষিত ‘সমন্বিত স্বাস্থ্য ডেটা ভান্ডার’ এবং হেলথ কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তথ্য উপদেষ্টা। এ উদ্যোগের মাধ্যমে স্বাস্থ্যসেবাসংক্রান্ত তথ্য ব্যবস্থাপনা আরও সমন্বিত ও কার্যকর করার পরিকল্পনা রয়েছে।
খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণ এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার বিষয়েও সরকারের পদক্ষেপ তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য অনুযায়ী, রাস্তার পাশের দোকানসহ ১৬ শ্রেণির খাদ্য ব্যবসার ক্ষেত্রে নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।
ডা. জাহেদ উর রহমান বলেন, রাস্তার পাশে পিঠা, পুরি, পেঁয়াজুসহ বিভিন্ন খাবার বিক্রির অস্থায়ী দোকানে জীবাণুর উপস্থিতি ও অস্বাস্থ্যকর পরিবেশ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকি তৈরি করছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এসব ক্ষেত্রে নিয়ন্ত্রণ ও তদারকি জোরদার করা হচ্ছে।
ডে-কেয়ার, মৎস্যসম্পদ ও খাদ্যসহায়তা কর্মসূচি
কর্মজীবী মায়েদের সুবিধার্থে সরকারি অফিসগুলোতে ডে-কেয়ার সেন্টারের সংখ্যা বাড়ানোর উদ্যোগের কথাও ব্রিফিংয়ে তুলে ধরা হয়। পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণে অবমুক্তকরণ অভিযান পরিচালনা এবং দারিদ্র্য নিরসনে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় পুষ্টিচাল বিতরণ অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
ধর্মীয় উৎসবের বিষয়ে তথ্য উপদেষ্টা বলেন, এ বছর সরকারি সহায়তা, ছুটি বৃদ্ধি ও কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্যে দেশের ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হয়েছে। তাঁর দাবি, উৎসবটি আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে, যা সরকারের নেওয়া পদক্ষেপের প্রতি জনগণের আস্থার প্রতিফলন।
ব্রিফিংয়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের অগ্রগতি তুলে ধরে তথ্য উপদেষ্টা বলেন, জ্বালানি নিরাপত্তা, জনস্বাস্থ্য, মাদক নিয়ন্ত্রণ, খাদ্যনিরাপত্তা এবং সামাজিক সুরক্ষার মতো খাতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের কাজ চলছে।


