‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয়
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
২৭ অক্টোবর ২০২৬

‘ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার ক্রসফায়ার চায় না। এ ধরনের ঘটনা এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

আইজিপির বক্তব্যের বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনের কঠোর প্রয়োগ নিয়ে কথা বলতে গিয়ে তিনি অসতর্কতাবশত এমন মন্তব্য করেছেন। বক্তব্যটি যথাযথ হয়নি এবং এ ধরনের কথা বলা উচিত ছিল না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সাবাহ নিউজ এর গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন:  – এক্স– লিংকডইন– ইন্সটাগ্রাম– ইউটিউব

এর আগে সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। পুলিশের বলপ্রয়োগ নিয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ‘ফ্যাসিস্ট’ বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল আখ্যা দেয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

আইজিপির এ বক্তব্যের পর বিভিন্ন রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠন প্রতিক্রিয়া জানায় এবং ক্ষোভ প্রকাশ করে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেবে না সরকার। একইভাবে পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাও সহ্য করা হবে না। এ বিষয়ে সরকারের কঠোর অবস্থান রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার। অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি আইন প্রয়োগের ক্ষেত্রে আইনের শাসন ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।