বিশ্ববাজারে দক্ষ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ: প্রবাসীকল্যাণমন্ত্রী
অবৈধ পথে বিদেশ গমন বন্ধ, বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানো এবং আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি পাঠানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশ এখন আর অদক্ষ শ্রমিক বিদেশে পাঠাবে না। বিশ্বকে দেখাতে হবে, বাংলাদেশও আন্তর্জাতিক মানের দক্ষ কর্মী তৈরি করতে সক্ষম।
বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে ‘প্রান্তিক শক্তি লিমিটেড’কে রিক্রুটিং লাইসেন্স প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
মন্ত্রী বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই উদ্যোগ তাকে আশাবাদী করেছে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগামী পাঁচ বছরে এক কোটি জনশক্তি বিদেশে পাঠানোর পরিকল্পনা ও লক্ষ্য বাস্তবায়নের পথ আরও সুগম হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে দক্ষতা ও প্রশিক্ষণকে অগ্রাধিকার দিতে হবে। বাংলাদেশের কর্মীরা যেন আন্তর্জাতিক শ্রমবাজারে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারেন, সে জন্য বিশ্বমানের জনশক্তি গড়ে তোলার ওপর জোর দিতে হবে।
অবৈধ উপায়ে বিদেশ গমন এবং হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানোর বিষয়ে সতর্ক করে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি ও সুনাম রক্ষায় সবাইকে অবৈধ পথ পরিহার করতে হবে। বিদেশে যাওয়ার ক্ষেত্রে বৈধ পদ্ধতি অনুসরণ করতে হবে এবং উপার্জিত অর্থ দেশে পাঠাতে হবে বৈধ চ্যানেলে।
তিনি আরও বলেন, যে দেশে কর্মীরা যাবেন, সে দেশের আইনকানুন অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। অল্পসংখ্যক মানুষের অনিয়ম ও অপকর্মের কারণে যেন পুরো দেশের সুনাম ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
বিদেশে কর্মসংস্থানের নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার বিষয়ে কঠোর অবস্থানের কথা জানান মন্ত্রী। তিনি বলেন, দেশে কিংবা বিদেশে অবস্থান করে যারা মানুষের সঙ্গে প্রতারণা করছেন, তাদের অবিলম্বে এসব কর্মকাণ্ড বন্ধ করতে হবে। অন্যথায় তাদের আইনের আওতায় আনা হবে এবং পরিণতি কঠোর হবে।
রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতি সৎ ও স্বচ্ছভাবে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, নিয়ম মেনে ব্যবসা পরিচালনা করলে সরকার সব ধরনের সহযোগিতা দেবে। তবে ব্যক্তিগত স্বার্থে কর্মীদের কাছ থেকে অযৌক্তিকভাবে অতিরিক্ত অর্থ আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বিদেশে কর্মী পাঠানোর প্রক্রিয়ায় অনিয়ম ও অতিরিক্ত অর্থ আদায়ের কারণে সাধারণ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হন, তা নিশ্চিত করতে হবে। কর্মীদের স্বার্থ রক্ষা, প্রতারণা বন্ধ এবং বৈধ অভিবাসন নিশ্চিত করার মাধ্যমে আন্তর্জাতিক শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে হবে।
দক্ষ জনশক্তি তৈরি, বৈধ অভিবাসন সম্প্রসারণ এবং রেমিট্যান্সের বৈধ প্রবাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর পাশাপাশি দেশের মর্যাদা ও সুনাম রক্ষা করতে হবে।


