পেশিশক্তি ও প্রভাব খাটিয়ে নির্বাচিত হওয়ার সুযোগ নেই: নৌপ্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে একটি ভোটও কারচুপি হলে তা মেনে নেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন নৌ ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসান। তিনি বলেছেন, জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদেরই ইউনিয়ন পরিষদের নেতৃত্ব দিতে হবে। কোনো ধরনের অনিয়ম, কারচুপি কিংবা প্রভাব বিস্তারের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার সুযোগ দেওয়া হবে না।
শুক্রবার (৩০ অক্টোবর) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা মাল্টিমিডিয়া অডিটোরিয়াম কমপ্লেক্সে উপজেলা বিএনপি আয়োজিত সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়নবিষয়ক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
রাজীব আহসান বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কে চেয়ারম্যান এবং কে সদস্য (মেম্বার) পদে প্রার্থী হবেন, তা তৃণমূলের নেতাকর্মীদেরই নির্ধারণ করতে হবে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে ইউনিয়ন পর্যায়ের নেতাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা জরুরি।
তিনি বলেন, স্থানীয় পর্যায়ের নেতারা প্রার্থী নির্বাচনে যথাযথ দায়িত্ব পালন করতে ব্যর্থ হলে ঊর্ধ্বতন পর্যায়ের ব্যক্তিদের নিজেদের স্বার্থ হাসিলের সুযোগ তৈরি হয়। এ ধরনের পরিস্থিতি এড়াতে তৃণমূলের মতামত ও সাধারণ মানুষের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করতে হবে।
সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক গিয়াস উদ্দিন দীপেন সভাপতিত্ব করেন। এতে উপজেলা বিএনপির সদস্যসচিব শিহাব আহমেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির আহ্বায়ক সৈয়দ রিয়ার শাহীন লিটন ও সদস্যসচিব দিনু মিয়াসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বরিশাল উত্তর জেলা যুবদলের আহ্বায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহ্বায়ক নাঈম ইসলাম তুহিন ও সদস্যসচিব পারভেজ খন্দকার, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম মামুন এবং সদস্যসচিব আমজাদ পোদ্দারসহ স্থানীয় নেতাকর্মীরা সভায় অংশ নেন।


