ডেটা ও প্রাইভেসি বাঁচাতে হোয়াটসঅ্যাপের নতুন মিডিয়া কন্ট্রোল ফিচার
বিশ্বের অন্যতম জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের অভিজ্ঞতা আরও উন্নত করতে চালু করছে নতুন একটি প্রাইভেসি ফিচার। নতুন এই ফিচারের মাধ্যমে প্রেরক ঠিক করতে পারবেন প্রাপক তার পাঠানো ছবি বা ভিডিও গ্যালারিতে সেভ করতে পারবেন কি না।
মেটার মালিকানাধীন এই অ্যাপটিতে প্রতিদিন লক্ষাধিক নথি, ছবি ও ভিডিও আদান-প্রদান হয়। এতে প্রায়ই ব্যবহারকারীরা অপ্রয়োজনে অটো-ডাউনলোডের কারণে স্টোরেজ ও মোবাইল ডাটার সমস্যায় পড়েন। সেই বিষয়টি মাথায় রেখেই হোয়াটসঅ্যাপ নতুন এই নিয়ন্ত্রণ ফিচার যুক্ত করেছে।
কীভাবে কাজ করবে নতুন ফিচার?
নতুন ফিচারে, যখন কেউ হোয়াটসঅ্যাপে ছবি বা ভিডিও পাঠাবেন, তখন তিনি নির্ধারণ করতে পারবেন সেটি প্রাপকের গ্যালারিতে সেভ হবে কি না। এটি শুধু ডেটা ও স্টোরেজ বাঁচাবে না, বরং মিডিয়া কনটেন্টের অপব্যবহারও কমাবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি।
হোয়াটসঅ্যাপ জানিয়েছে, ভবিষ্যতে টেক্সট মেসেজের ক্ষেত্রেও একই ধরনের নিয়ন্ত্রণ চালু করা হতে পারে। আপাতত এই ফিচার সীমিত পরিসরে পরীক্ষামূলকভাবে চালু হলেও খুব শিগগিরই এটি সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হবে।


